সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণাকেন্দ্রে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ ধসে পড়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার গণকবাড়িতে গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ১২তলা ক্যানসার হাসপাতালের ১০তলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ভবনটির ১০তলার ছাদ ঢালাইয়ের জন্য কাঠামো নির্মাণ (সেন্টারিং) করা হয়েছিল। সেখানে বেঁধে রাখা রডের কাঠামোটি ধসে পড়ে অন্তত ১৬ শ্রমিক আহত হন।
তাদের উদ্ধার করে পাশের শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ভর্তি করেন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। তবে ছাদ ধসের পরপরই ভবনটির নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদার ও তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলীসহ অন্য শ্রমিকরা সেখান থেকে পালিয়ে যান।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘নির্মাণাধীন ভবনটির ১০তলার ছাদ ঢালাইয়ের জন্য করা সেন্টারিং ভেঙে পড়ে অন্তত ১৬ জন শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।’
তিনি আরও বলেন, ‘নির্মাণাধীন ভবনের ইঞ্জিনিয়ার ও ঠিকাদারসহ অন্য শ্রমিকরা পালিয়ে গেছেন। ভবনটির ধসে যাওয়া অংশে কেউ আটকে আছেÑ এমন কোনো তথ্য পাওয়া যায়নি। সেখানকার কর্র্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’