এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার্থীদের দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। তার নাম এস এম আনিস। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের মণিপুরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় আনিসের কাছ থেকে চলতি বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের শতাধিক চেক, পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রবেশপত্র, বিভিন্ন লিখিত ও অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, বিভিন্ন ধরনের সিল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গতকাল শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ। তিনি জানান, আনিস এসএসসি পাস করে কিছুদিন পিপলস জুট মিলে কাজ করতেন। পরে বিভিন্ন কাপড়ের কারখানায় কাজ করেছেন। ২০১০-১২ সালে ফার্মগেট গ্রিন রোড এলাকায় ছাত্রছাত্রীর হোস্টেল এবং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি ফরম কেনাবেচা শুরু করেন। এখান থেকেই পরিচিত হয় একটি কনসালট্যান্সি ফার্মের স্বত্বাধিকারী পরিচয় দেওয়া জাহিদের সঙ্গে। তিনি আনিসকেও ‘ফ্রেন্ডস এডমিশন কনসালট্যান্ট’ নামে একটি কনসালট্যান্সি ফার্ম খুলে দেন। সিটি করপোরেশন থেকে মুদি দোকানের লাইসেন্স নিয়ে আনিস শুরু করে দেন দেশি এবং সার্কভুক্ত দেশের ছাত্রছাত্রীদের মেডিকেল কলেজে ভর্তিবাণিজ্য।
এই কাজের জন্য আনিস নিজের প্যাডে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের আসন সংরক্ষণের জন্য চিঠি লিখতেন। পাশাপাশি বিভিন্ন কোচিং সেন্টারের লোকদের এবং মন্ত্রণালয়ের দু-একজন অসাধু ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে প্রশ্ন ফাঁসের নামে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের সঙ্গে প্রতারণা করতেন।
ডিবিপ্রধান আরও জানান, দালালি ও প্রতারণা বাণিজ্য করে আনিস ইতোমধ্যে দুটি হোটেল এবং মণিপুরিপাড়ায় একটি ফ্ল্যাটের মালিক হয়েছেন। এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সক্ষমতা তার ছিল না, কিন্তু এই পরীক্ষার নামে বিস্তর প্রতারণার জাল তিনি বিভিন্ন মাধ্যমে বিস্তার করেছেন। তার বিরুদ্ধে প্রতারণা মামলা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।
উল্লেখ্য, গতকাল এমবিবএিস ভর্তি পরীক্ষা হয়েছে।