পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্র-জার্মানিতে

বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান দুই গন্তব্য যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রপ্তানি কমেছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এ দুই দেশে পোশাক রপ্তানি কমার হার যথাক্রমে ২ দশমিক ৮৭ শতাংশ এবং ১ দশমিক শূন্য ৩ শতাংশ। যদিও এ সময়ে দেশের তৈরি পোশাকের রপ্তানি আয় ১৪ শতাংশের বেশি বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

আলোচিত সময়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ।

ইইউ অঞ্চলের প্রধান বাজারগুলোর অন্যতম জার্মানিতে উল্লিখিত সময়ে রপ্তানি ১ দশমিক শূন্য ৩ শতাংশ হ্রাস পেয়ে ৪৬২ কোটি ডলারে পৌঁছেছে। অন্যদিকে ফ্রান্স ও স্পেনে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি যথাক্রমে ২৭ দশমিক ৬৫ এবং ১৮ দশমিক ৭৯ শতাংশ।

আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি পূর্ববর্তী বছরের তুলনায় ২ দশমিক ৮৭ শতাংশ হ্রাস পেয়েছে। একই সময়ে কানাডা ও যুক্তরাজ্যে যথাক্রমে ২০ দশমিক শূন্য ৫ ও ১৪ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় রপ্তানি ছিল যথাক্রমে ৫৬০ কোটি, ৩৩৬ কোটি ও ৯৮ কোটি ডলার।

একই সময় অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৫ দশমিক শূন্য ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৬৯ কোটি ডলারে পৌঁছেছে।