শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে রাবি রণক্ষেত্র

বাসশ্রমিকদের সঙ্গে বচসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী ও এলাকাবাসীর সংঘর্ষে দুইশর বেশি আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সংঘর্ষ শুরু হয়। চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ।

সংঘর্ষ চলাকালে দেড়শ জনের বেশি আহতকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয় বলে জরুরি বিভাগের চিকিৎসক জাহিদুল ইসলাম জানান। রাত ১১টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত দেড়শ জনের বেশি আহত চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪৭ জনকে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম সাংবাদিকদের বলেন, সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের বিশ্ববিদ্যালয়ের বাসে ও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সন্ধ্যার পরপর শুরু হওয়া এই সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের পাশে সীমানা প্রাচীর লাগোয়া বেশ কয়েকটি দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হয়। কিছু দোকানে হামলার ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় বিনোদপুর গেটসংলগ্ন পুলিশ বক্সেও। সেখানে পুলিশের একটিসহ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

রাত সাড়ে ১০টায় রাজশাহীর বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’

সংঘর্ষের ঘটনায় দুদিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার রাতে সাংবাদিকদের বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির কারণে রবি ও সোমবারের সব ধরনের পরীক্ষা  ও ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে।’

শিক্ষার্থী ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গতকাল বগুড়া থেকে মোহাম্মদ পরিবহনের বাসে করে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আলামিন আকাশ। বাসে সিটে বসা এবং ভাড়াকে কেন্দ্র করে পরিবহনশ্রমিকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এলে আবারও পরিবহনশ্রমিকদের সঙ্গে ওই শিক্ষার্থীর বচসা হয়। তখন স্থানীয় এক দোকানদার এসে শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। তখন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন এবং স্থানীয় দোকানদারদের ওপর চড়াও হন। একপর্যায়ে স্থানীয়রা একজোট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া করে। শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এ সময় একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের পর রাত পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা দোকানপাট ও পুলিশ বক্সের আগুন নিয়ন্ত্রণে আনেন।