চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর শনিবার ফ্রেঞ্চ লিগে ব্রেস্তের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের যুগলবন্দিতে জয় পেয়েছে প্যারিসের দলটি। ২-১ গোলের জয়ে লিগ শিরোপা জয়ের পথে ব্যবধান বাড়িয়েছে ১১ পয়েন্টে।
ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে মেসি ঠিকমতো শট নিতে না পারলে বল পেয়ে যান কার্লোস সোলের। তার ভলি ব্রেস্ত গোলরক্ষক মার্কো বিজোতের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে। তবে ৩৭ মিনিটে সোলেরই এগিয়ে নেন পিএসজিকে। ছয় মিনিট পরই সমতা ফেরান ফ্রাঙ্ক হনোরাত। ৯০ মিনিটে পাল্টা আক্রমণে বল পেয়ে প্রথম স্পর্শেই এমবাপ্পেকে খুঁজে নেন মেসি। ‘ওয়ান-অন-ওয়ানে’ এবার ভুল করেননি এমবাপ্পে। এই গোলে স্বস্তির জয় পাওয়ার পাশাপাশি পিএসজি একটি মাইলফলক ছুঁয়েছে। লিগ ওয়ানে এটি ছিল প্যারিসের ক্লাবটির ৩০০০তম গোল। এমবাপ্পে স্পর্শ করেছেন আরেকটি ক্লাব রেকর্ড। লিগ ওয়ানে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে এডিন কাভানিকে ছুঁয়ে ফেলেছেন ফরাসি তারকা। ১৬৫ ম্যাচে তার গোল এখন ১৩৮। সমান গোল করেছিলেন কাভানি ২০০ ম্যাচে।