দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন। তাদের মধ্যে ছেলে ২০ হাজার ৮১৩, ও মেয়ে ২৮ হাজার ৩৮১ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। ছেলেদের পাসের হার ৪২ দশমিক ৩১ শতাংশ এবং মেয়েদের ৫৭ দশমিক ৬৯ শতাংশ। এছাড়া লিখিত পরীক্ষায় ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রাফসান জামান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে সর্বোচ্চ ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। গতকাল রবিবার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের (পুরানো) সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ফল প্রকাশ করেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। এর মধ্যে ছেলে ৪৬ দশমিক ২৬৪ শতাংশ অর্থাৎ ৬৪ হাজার ২৬৪ জন এবং মেয়ে ৫৩ দশমিক ৮৪ শতাংশ অর্থাৎ ৭৪ হাজার ৯৫৩ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮১৩ জন, যা মোট আবেদনকারীর ৯৭ দশমিক ৫৬ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। এর মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন ৪ হাজার ৩৫০টি এবং ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৬ হাজার ৭৭২টি। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে প্রতিটি আসনের জন্য লড়েছেন ১২ জন পরীক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন ৪ হাজার ৩৫০ জন। এর মধ্যে ছেলে ভর্তির সুযোগ পাবেন ৪৫ শতাংশ অর্থাৎ ১ হাজার ৫৭ জন এবং মেয়ে ৫৫ শতাংশ অর্থাৎ ২ হাজার ৩৯৩ জন। সরকারি মেডিকেলে মেধা তালিকায় ভর্তি হতে পারবেন ৩ হাজার ৩৮৪ শিক্ষার্থী। এ ছাড়া জেলা কোটায় ৮৪৮ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন এবং উপজাতি কোটায় ৩১ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
এর আগে গত শুক্রবার দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গতকালের ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. শহিদুল্লাহ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ উপস্থিত ছিলেন।
প্রথম চট্টগ্রামের রাফসান : মেডিকেল ভর্তি পরীক্ষায় দেড় লাখ শিক্ষার্থীর মধ্যে প্রথম চট্টগ্রামের রাফসান জামান। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করা রাফসান থাকেন চট্টগ্রামের হালিশহর কে ব্লকে। তবে তাদের গ্রামের বাড়ি রংপুরে। ৯৪ দশমিক ২৫ পয়েন্ট পেয়ে তিনি ১ লাখ ৪০ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রথম হয়েছেন।
রাফসানের বাবা এ কে এম শামসুজ্জামান সিটি গ্রুপে চাকরি করেন। মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। বড় বোন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক করেছেন। তবে ভর্তি পরীক্ষা ভালো হলেও প্রথম হওয়ার কথা ভাবেননি রাফসান।
মেডিকেলের ফলাফল বের হওয়ার পরপরই মিডিয়ার লোকজনের পাশাপাশি কোচিং সেন্টারের লোকজন ভিড়ে পরিবারের সদস্যরা নাজেহাল। এর মধ্যে রেটিনা বলছে, রাফসান তাদের স্টুডেন্ট। অপরদিকে উদ্ভাস বলছে, তাদের। আর তা নিয়ে খুব বিব্রতকর অবস্থায় রয়েছেন পরিবারের সদস্যরা। দুই কোচিং সেন্টারের লোকজনই বাসায় গিয়ে ভিড় করছেন।
এ সময় রাফসানের বাবা এ কে এম শামসুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘আমার ছেলে মূলত রেটিনার শিক্ষার্থী। সে রেটিনায় কোচিং করেছে। তবে উদ্ভাসে শুধু পরীক্ষাগুলোয় অংশ নিত।’
ছেলের ফলাফল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘ছেলে ভালো ফলাফল করবে বিশ্বাস ছিল। কিন্তু প্রথম যে হবে, তা ধারণায় ছিল না। চট্টগ্রাম হালিশহরের গার্নাস ইংলিশ মাধ্যমে পড়াশোনার পর ষষ্ঠ শ্রেণিতে রাজশাহী ক্যাডেট কলেজে ভর্তি হয়। সেখান থেকেই এসএসসি ও এইচএসসি শেষ করে।’
কোচিং সেন্টার প্রসঙ্গে বলতে গিয়ে শামসুজ্জামান বলেন, ‘একজন শিক্ষার্থীর জন্য কোচিং সেন্টার সহায়ক ভূমিকা পালন করে। সবার আগে নিজেকে পড়তে হবে। তবেই ভালো ফলাফল সম্ভব। আর আমার ছেলে বরাবরই ভালো ফলাফল করে আসছিল।’