শেরপুরের ফসলের মাঠ থেকে ছয়টি সেচযন্ত্র চুরি হয়েছে। এতে বোরো ধানের প্রায় ৩০ একর জমিতে সেচকাজ বন্ধ থাকায় ক্ষতির শঙ্কায় আছেন কৃষকরা। গত রবিবার রাতে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চকআন্ধারিয়া পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
যেসব কৃষকের মোটর চুরি হয়েছে তারা হলেন সিদ্দিক মিয়া, বাবুল মিয়া, মজিবর রহমান, আনার মিয়া, আল আমিন ও সমর উদ্দিন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের সূত্রে জানা গেছে চলতি বোরো মৌসুমে চকআন্ধারিয়া গ্রামের বিভিন্ন স্থানে শতাধিক বৈদ্যুতিক সেচ পাম্প বসিয়ে সেচ কার্যক্রম চালিয়ে আসছিলেন কৃষকরা।
ক্ষতিগ্রস্ত সেচপাম্প মালিক বাবুল মিয়া বলেন, রবিবার রাত একটা পর্যন্ত আমি বিভিন্ন মানুষের জমিতে সেচ দিয়ে পাম্প বন্ধ করে বাড়িতে আসি। রাত ৩টার দিকে গিয়ে দেখি পাম্প নেই। শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।