ফেনীর ফুলগাজীতে সাংবাদিক এবিএম মুসা সেতুর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ফেনীর ফুলগাজীতে আমজাদহাট ইউনিয়নের হাজীর ভাগনা এলাকায় ফিতা কেটে সাংবাদিক এবিএম মুসা সেতুর উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
এ সময় শিরীন আখতার বলেন, স্বাধীনতা বিরোধী পক্ষ এই দেশে আফগানিস্তান বানানোর পাঁয়তারা করছে। তারা জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের নামে আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এ দেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নিয়মতান্ত্রিক ভাবে যথাসময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো অপশক্তি যেন দাঁড়াতে না পারে এ বিষয় সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিরীন আখতার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সারাদেশে উন্নয়ন করছে। এরই ধারাবাহিকতায় ফেনী-১ আসনে রেকর্ড সংখ্যক উন্নয়ন অগ্রগতি হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে মহাজোট সরকার তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।
স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে সাত কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের ফলে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার ১৫টি গ্রামের মানুষ যাতায়াতে সুফল ভোগ করবেন।
ফুলগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল আলম আজমীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের ফেনীর নির্বাহী প্রকৌশলী মো.মাহমুদ আল ফারুক, উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম, সাংবাদিক এবিএম মুসার জ্যেষ্ঠ কন্যা মরিয়ম মুসা ও দৈনিক সমকালের সহযোগী সম্পাদক লোটন একরাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন, ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমিন, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।