প্রযুক্তির এ সময়ে হাতে থাকা স্মার্টফোনে ঘরে বসেই নারীরা পাচ্ছেন নানান সেবা। মুহূর্তে সমাধান খুঁজে নিচ্ছেন বিভিন্ন সমস্যার। জীবনযাপনকালে নারীর জীবনকে আরও সহজ ও সুন্দর করে তুলতে ভূমিকা রাখছে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন। লিখেছেন অরণ্য সৌরভ
স্বাস্থ্যবিষয়ক পরামর্শে ‘মায়া আপা’
আমাদের দেশের মেয়েরা লজ্জা বা ভয়ে অধিকাংশ সময় ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কথা বলতে পারেন না। নারীর এই সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা রাখছে ‘মায়া আপা’। এটি একটি জনপ্রিয় স্বাস্থ্যবিষয়ক অ্যাপ। অ্যাপটি নারীর পিরিয়ড, গর্ভধারণ, মুড সুইংসহ বিভিন্ন বিষয়ে সেবা দেয়। গর্ভধারণের শুরু থেকে শেষা পর্যন্ত প্রতিটি সপ্তাহের অগ্রগতি জানা যাবে। শিশু কতটা বড় হয়েছে, তার ছবি থ্রিডি মডেলে দেখা যাবে। বিভিন্ন প্রবন্ধ পড়ে স্বাস্থ্যবিষয়ক টিপস, প্রেগনেন্সির লক্ষণ এবং পুষ্টিকর খাবার সম্পর্কে জানা যাবে। এ ছাড়া নারীদের মিলবে বিভিন্ন সামাজিক ও আইনি পরামর্শ, ব্রেস্টফিডিং কীভাবে করাতে হবে সে বিষয়েও মিলবে তথ্য। অ্যাপটির সবচেয়ে আকর্ষণ ফোরাম, যেখানে পরিচয় গোপন রেখে বিশ্বের সব প্রান্তের নারীরা নিজেদের সমস্যা জানিয়ে প্রশ্ন করতে পারেন। মিলবে সব প্রশ্নেরই উত্তর। কোনো বিষয়ে দ্বিধা থাকলে ছবি তুলেও করা যায় পোস্ট। প্রিমিয়াম সেবা পেতে চাইলে সাবস্ক্রিপশন হিসেবে অল্প পরিমাণ টাকা খরচ করতে হবে। নারীর পাশাপাশি ঘরের পুরুষ সদস্যরাও আপনার নারীর সেবার জন্য ব্যবহার করতে পারেন অ্যাপটি।
ফিটনেসবিষয়ক ‘নাইকি ট্রেনিং ক্লাব’
বর্তমান সময়ের নারী-পুরুষ উভয়ই ফিটনেস সচেতন। অনেকে সময় সুযোগ করে যায় জিমে বা ব্যায়ামাগারে। কিন্তু ঘর, কর্মক্ষেত্র সামলিয়ে একজন নারী জিমে যাওয়া বা বাইরে কসরত করতে যাওয়ার হয়তো সুযোগ করে উঠতে পারে না। সেসব নারীর ফিটনেস ধরে রাখতে সাহায্য করবে চমৎকার অ্যাপ ‘নাইকি ট্রেনিং ক্লাব’। অ্যাপে ১০০টির বেশি ব্যায়ামের নির্দেশনা রয়েছে। নিজের এনার্জি লেভেলের সঙ্গে সামঞ্জস্য রেখে, ফিটনেস ধরে রাখার জন্য প্রয়োজনীয় ব্যায়ামগুলো সেরে নিতে ঘরেই ব্যবহার করতে পারেন অ্যাপটি।
রূপচর্চায় ‘মেকআপ টিপস ইন বাংলা’
নারীকে মানায় রূপচর্চায়। কমবেশি সব নারীই রূপচর্চা করতে পছন্দ করেন। রূপচর্চা যেন তাদের একটি শখ, আনন্দিত হওয়ার উপযুক্ত মাধ্যম। সে জন্য ঘরের বাইরেও দৌড়ঝাঁপ করতে দেখা যায় বিউটি পার্লারে। নারীর রূপচর্চার কথা বিবেচনা করেই তৈরি হয়েছে অ্যাপ ‘মেকআপ টিপস ইন বাংলা’। বিউটি পার্লারকে বিদায় জানিয়ে হাতের স্মার্টফোনে অ্যাপটি ব্যবহারে জানতে পারেন রূপচর্চার নানা রকম কৌশল। মেকআপ করার নিয়মসহ সাজের খুঁটিনাটি বিষয়াদিতে সাজানো হয়েছে অ্যাপটি।
স্তন ক্যানসার শনাক্তে ‘চেকমেইট’
নারীর একটি নীরব ঘাতক রোগ স্তন ক্যানসার। যদিও রোগটি সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ নারীরই জানাশোনা নেই এবং উদাসীন। রোগটি নিয়ে অনেকেই সচেতন নয়। এ ছাড়া রোগটি নিয়ে আলাপ করতেও দ্বিধায় থাকেন। এমন সমস্যা সমাধানে ভূমিকা রাখছে ‘চেকমেইট’ মোবাইল অ্যাপ। অ্যাপটির সাহায্যে নারীরা ঘরে বসেই স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ সম্পর্কে জেনে নিজেই প্রাথমিক পরীক্ষা করতে পারবেন। প্রয়োজনে ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নিতে পারবেন। অ্যাপটিতে রয়েছে রিমাইন্ডার অপশন, যা স্বাস্থ্যের চেকআপ করতে ব্যবহারকারীকে প্রতি মাসে মনে করিয়ে দেবে।
রান্না শিখতে ‘হাউ টু কুক এভরিথিং’
অতি দরকারি ও নিত্যদিনের কাজের মধ্যে রান্না অন্যতম। এ রান্না নিয়েই বিপাকে পড়েন অনেক নারী। রাখেন গৃহকর্মী। তবে রান্না শেখার জন্য দক্ষ রাঁধুনির কাছে যেমন যাওয়ার প্রয়োজন নেই, তেমনি রাখতে হবে না গৃহকর্মীও। হাতে থাকা স্মার্টফোনেই ইনস্টল করে নিন রান্না শেখার প্রশিক্ষক। ‘হাউ টু কুক এভরিথিং’ নামক অ্যাপটির মাধ্যমে রান্নার মৌলিক তথ্য-উপাত্ত জানা যাবে। অ্যাপটিতে প্রায় দুই হাজারের বেশি রেসিপি রয়েছে। ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিটি রেসিপিতে যুক্ত করা রয়েছে ছবি। রান্নার প্রাথমিক অবস্থা, কাঁচামাল থেকে শুরু করে পরিবেশনা পর্যন্ত কার্যক্রম অ্যাপটিতে পাওয়া যাবে।
বিপদের বন্ধু ‘বাঁচাও’
বাঁচাও লাইফ ফাউন্ডেশনের অধীনে নির্মিত অ্যাপ ‘বাঁচাও’। যা বাংলাদেশ সরকারের সঙ্গে নিবন্ধিত, ট্রেডমার্কযুক্ত। জরুরি পরিস্থিতিতে অন্যদের সাহায্য করার জন্য, একে অপরকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়েছে প্রযুক্তি। এই উদ্যোগের নেতৃত্ব¡ দেওয়ার জন্য সরকার, পুলিশ, এনজিও, করপোরেট সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্ব করা হয়েছে।
অ্যাপটি পি-টু-পি বা পিপল টু পিপল মডেলে কাজ করে। অ্যাপটি ডাউনলোডের পর নিজের ফোন নম্বর দিয়ে ভেরিফাই করে নিতে হবে। বিশ^স্ত হিসেবে সেভ করে নিতে হবে দু-তিনজন মানুষের ফোন নম্বর। যখন-তখন যেখানে-সেখানে বিপদ হলে, মুহূর্তে অ্যাপটির বাঁচাও লেখা লাল বাটন চাপতে হবে। তৎক্ষণাৎ বিপদের খবর পৌঁছে যাবে বিশ্বস্ত আপনজন, পুলিশ ও নিকটস্থ স্বেচ্ছাসেবীদের ফোনে। জিপিএস সিস্টেম ব্যবহার করে অ্যাপটি কাজ করে বিধায় আপনার ফোনের লোকেশন অবশ্যই অন রাখতে হবে। লোকেশন অনুসরণ করে সাহায্যের জন্য লোকজন চলে আসবে আপনার পাশে। আপনিও তাদের সঙ্গে নিজ নম্বর গোপন রেখে মেসেজ বা কল করে যোগাযোগ করতে পারবেন। বিপদমুক্ত হলে ‘আমি নিরাপদ’ সবুজ বাটন চেপে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ডাউনলোড করবেন যেভাবে
প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে নির্দিষ্ট অ্যাপের নাম লিখে সার্চ দিন। অ্যাপটি সার্চ রেজাল্টে চলে এলে সেটাতে ক্লিক করুন। এরপর নতুন একটি পেজ এলে অ্যাপের নামের পাশে ইনস্টল অপশনটি দেখতে পেলে, সেটাতে ক্লিক করলেই অ্যাপটি আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে