ভিডিও ধারণের অভিজ্ঞতায় নতুনত্ব আনতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এবার একই সময় ফোনের সামনের ও পেছনের ক্যামেরা ব্যবহারের সুযোগ দিতে নতুন একটি ফিচার পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি। এর ফলে কোনো দৃশ্য ধারণের পাশাপাশি ভিডিওতে নিজের মুখ ও প্রতিক্রিয়াও যুক্ত করা যাবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘ডুয়াল ক্যামেরা মোড’ নামের ফিচারটি পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। অ্যাপটির ২.২৬.৪৬.৯ বেটা সংস্করণ ব্যবহারকারী নির্বাচিত কয়েকজনের কাছে ইতোমধ্যে সুবিধাটি পৌঁছেছে।
নতুন এই ফিচারের মাধ্যমে পেছনের ক্যামেরা দিয়ে সামনের দৃশ্য ধারণ করার পাশাপাশি সামনের ক্যামেরা দিয়ে নিজের মুখও রেকর্ড করা যাবে। দুটি ক্যামেরায় ধারণ করা দৃশ্য একই ছবি বা ভিডিওতে একসঙ্গে দেখা যাবে। ফলে কোনো বিশেষ মুহূর্ত ধারণের সময় ব্যবহারকারীরা নিজেদের প্রতিক্রিয়াও একই ফ্রেমে রাখতে পারবেন।
ফিচারটিতে ভিডিওর দৃশ্য সাজানোর ব্যবস্থাও থাকছে। পেছনের ক্যামেরায় ধারণ করা দৃশ্য পুরো পর্দাজুড়ে দেখা যাবে। অন্যদিকে সামনের ক্যামেরায় ধারণ করা মুখ ছোট একটি উইন্ডোতে প্রদর্শিত হবে। ব্যবহারকারীরা চাইলে ছোট উইন্ডোটি পর্দার যেকোনো স্থানে সরিয়ে নিতে পারবেন।
এ ছাড়া দুই ক্যামেরার দৃশ্য অদলবদলের সুবিধাও থাকছে। ঘোরানোর বোতামে চাপ দিলে সামনের ক্যামেরার দৃশ্য বড় পর্দায় এবং পেছনের ক্যামেরার দৃশ্য ছোট উইন্ডোতে দেখা যাবে। তবে এ সময়ও দুটি ক্যামেরায় একসঙ্গে ভিডিও ধারণ অব্যাহত থাকবে।
ধারণ করা ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত চ্যাট, গ্রুপ, চ্যানেল কিংবা স্ট্যাটাসে শেয়ার করা যাবে। পাঠানোর আগে ক্যাপশন যুক্ত করা এবং প্রয়োজন অনুযায়ী সম্পাদনার সুযোগও থাকছে।
তবে আপাতত সীমিতসংখ্যক অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারী এই সুবিধা পাচ্ছেন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটির সর্বশেষ বেটা সংস্করণ ইনস্টল করলেই যে সবাই ফিচারটি ব্যবহার করতে পারবেন, তা নয়। ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হচ্ছে। কবে নাগাদ ফিচারটি সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ।
নতুন এই ফিচারটি বিশেষ করে ভ্লগার, ভ্রমণপ্রেমী ও ভিডিও নির্মাতাদের কাজে আসতে পারে। এর মাধ্যমে কোনো ঘটনার দৃশ্য ধারণের পাশাপাশি সেই মুহূর্তে নিজের অনুভূতি ও প্রতিক্রিয়াও একই ভিডিওতে তুলে ধরতে পারবেন ব্যবহারকারীরা।