ইন্টারনেট ছাড়াই ল্যাপটপে ভাইরাসের জিনোম বিশ্লেষণ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

গবেষণাগারে ভাইরাস সিকোয়েন্সিং করার যন্ত্র থাকলেও এর ডেটা বিশ্লেষণে প্রায়ই শক্তিশালী কম্পিউটার, দক্ষ বিশেষজ্ঞ এবং সময়সাপেক্ষ ম্যানুয়ালি যাচাইয়ের প্রয়োজন হয়। আইসিডিডিআর,বির ওয়ান হেলথ ল্যাবরেটরিতে তৈরি ফ্রি, ওপেন-সোর্স ডেস্কটপ অ্যাপ্লিকেশন ‘ডিজেনরিজলভ’ (DeGenRESOLVE)-এর মাধ্যমে একটি সাধারণ ল্যাপটপেই ন্যানোপোর সিকোয়েন্সারের প্রাথমিক রিডগুলোকে ব্যবহারযোগ্য ভাইরাস জিনোম সিকোয়েন্সে রূপান্তর করা যায়। এটি ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করে এবং অধিকাংশ ম্যানুয়ালি যাচাইয়ের কাজকে স্বয়ংক্রিয় করে। এর ফলে সীমিত সুবিধার গবেষণাগারগুলোতেও এই সফটওয়্যার ব্যবহার করে সময়ের সঙ্গে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু)-র মতো ভাইরাসের জিনগত পরিবর্তন পর্যবেক্ষণ সম্ভব হবে।

সফটওয়্যারটি তৈরি করেছেন আইসিডিডিআর,বির ওয়ান হেলথ ল্যাবরেটরির রিসার্চ ফেলো ও গবেষণাটির প্রধান লেখক শোয়েব সৈকত এবং এর কার্যকারিতা বিশ্লেষণ করেছেন আইসিডিডিআর,বির ওয়ান হেলথ ল্যাবরেটরি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

একবার ইনস্টল করার পর ‘ডিজেনরিজলভ’ কোয়াড-কোর প্রসেসর ও ৮ জিবি মেমোরির একটি সাধারণ ল্যাপটপে অফলাইনে চলতে সক্ষম। ফলে যেসব গবেষণাগারে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নেই অথবা ডেটা সুরক্ষা নীতির কারণে সিকোয়েন্সিং ডেটা ইন্টারনেট ব্যবহার না করে প্রক্রিয়াজাত করতে হয়, সেখানে এটি সহজেই ব্যবহার করা যায়।

সম্প্রতি ‘ফেবস ওপেন বায়ো’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় দলটি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ডিজেনরিজলভের কার্যকারিতা পরীক্ষা করেন। এর ফলাফল তুলনামূলক নির্ভুল সিকোয়েন্সিং প্ল্যাটফর্ম ‘ইলুমিনা’ দিয়ে স্বতন্ত্রভাবে পাওয়া ফলাফলের সঙ্গে তুলনা করা হয়। একটি জিনোম সিকোয়েন্সকে পরপর সাজানো কতগুলো বর্ণের (A, C, G, T) সারি হিসেবে পড়া যায়, যেখানে প্রতিটি বর্ণ একটি নির্দিষ্ট অবস্থানে থাকে। সবার ব্যবহারের জন্য প্রকাশিত ডেটাবেসের জিনোম সিকোয়েন্সগুলোর মধ্যে সবচেয়ে কাছাকাছি জিনোমগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে দুই পদ্ধতির ফলাফলের মধ্যে ৯৯.৯৮ শতাংশের বেশি মিল পাওয়া গেছে।

জিনোম সিকোয়েন্সিং গবেষকদের বুঝতে সাহায্য করে মানুষ ও প্রাণীর মধ্যে রোগসৃষ্টিকারী ভাইরাস ও অন্যান্য জীবাণুর কোন ধরনের (স্ট্রেইন) ছড়াচ্ছে এবং সময়ের সঙ্গে সেগুলো কীভাবে বদলাচ্ছে। এই তথ্য রোগের বিস্তার নজরে রাখতে ও প্রাদুর্ভাব মোকাবিলায় কাজে লাগে। বহনযোগ্য ন্যানোপোর সিকোয়েন্সার সীমিত অবকাঠামোর গবেষণাগারগুলোর জন্য অপ্রক্রিয়াজাত (র) সিকোয়েন্সিং ডেটা তৈরি সহজ করেছে। তবে ভাইরাস পর্যবেক্ষণের জন্য ব্যবহারের আগে সেই ডেটা বিশ্লেষণ করে জিনোম সিকোয়েন্স তৈরি এবং তার মান যাচাই করতে হয়।

ডিজেনরিজলভ ভাইরাস পর্যবেক্ষণের জন্য এই ধাপটিকে সহজ করেছে। গবেষণাগারের কর্মীরা অপ্রক্রিয়াজাত সিকোয়েন্সিং ডেটাসহ একটি ফোল্ডার ও একটি রেফারেন্স জিনোম সফটওয়্যারটিতে ড্রপ করে এক ক্লিকের মাধ্যমেই বিশ্লেষণ শুরু করতে পারেন। সফটওয়্যারটি একসঙ্গে একাধিক নমুনা প্রক্রিয়াজাত করে জিনোম সিকোয়েন্স ও এর গুণগত মানবিষয়ক প্রতিবেদন তৈরি করে এবং এর জন্য কোনো কোড লিখতে হয় না। এক বা একাধিক সেগমেন্টবিশিষ্ট জিনোমের ভাইরাসের ক্ষেত্রে এটি কাজ করে এবং ইনফ্লুয়েঞ্জার সাবটাইপও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে।

জিনোম সিকোয়েন্সের অনিশ্চিত অংশ পর্যালোচনার সময় অভিজ্ঞ বিজ্ঞানীরা যেসব নিয়ম অনুসরণ করেন, সফটওয়্যারটি সেগুলোই স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করে। এতে ম্যানুয়ালি যাচাইয়ের প্রয়োজন কমে, আবার প্রয়োজনভেদে বিশেষজ্ঞরা সেটিংসও পরিবর্তন করতে পারেন।

আইসিডিডিআর,বির ওয়ান হেলথ ল্যাবরেটরির অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ও গবেষণার সংশ্লিষ্ট গবেষক ড. মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, ‘জিনোম সিকোয়েন্সের অনিশ্চিত অবস্থানগুলো চোখে দেখে যাচাই করা আমাদের সিকোয়েন্সিং ডেটা বিশ্লেষণ কাজের সবচেয়ে ধীরগতির ও সবচেয়ে বেশি ব্যক্তিভেদে পরিবর্তনশীল (সাবজেক্টিভ) ধাপ ছিল। ডিজেনরিজলভ প্রতিবার একই নিয়ম অনুসরণ করে এবং প্রতিটি সিদ্ধান্তের কারণ লিপিবদ্ধ করে রাখে।’

‘নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর অনেক গবেষণাগারে ন্যানোপোর সিকোয়েন্সার আছে, কিন্তু ডেটা বিশ্লেষণের জন্য দক্ষ বিশেষজ্ঞ বা পর্যাপ্ত রিসোর্স নেই। ডিজেনরিজলভ ঠিক এই গবেষণাগারগুলোর কথা মাথায় রেখেই তৈরি,’ বলেন আইসিডিডিআর,বির সিনিয়র সায়েন্টিস্ট এবং গবেষণাটির পরিকল্পনাকারী ও তত্ত্বাবধায়ক ড. মোহাম্মদ জিয়াউর রহমান।

শোয়েব সৈকত বলেন, ‘আমি আশা করি ডিজেনরিজলভ বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে ভাইরাসের দীর্ঘ সময়ব্যাপী পর্যবেক্ষণে কাজে লাগবে এবং আরও বেশি গবেষণাগারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মতো রোগসৃষ্টিকারী ভাইরাসের জিনগত পরিবর্তন সময়ের সঙ্গে সহজে অনুসরণ করতে সাহায্য করবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত