সুন্দরবন সংলগ্ন নদ-নদী ও খাল দখল, দূষণ ও বিষমুক্ত করার দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ কাইনমারী এলাকার পশুর নদীর পাড়ে এ মানববন্ধন যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার।
মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের ভেতরের ও সুন্দরবনসংলগ্ন নদ-নদী এবং খালগুলো বিষে সয়লাব হয়ে গেছে। গবেষণায় সুন্দরবন সংলগ্ন নদ-নদী ও খালে ১৭ প্রজাতির মাছে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। সুন্দরবনের বাপার জোন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন, পশুর নদীতে জাহাজডুবি ও দেশি-বিদেশি জাহাজের বর্জ্য নিক্ষেপের ফলে নদী-খাল দখল ও দূষণ হচ্ছে। মানববন্ধন শেষে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি মোংলার চিলা বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।