ভূমধ্যসাগরে নৌকাডুবির পর অবশেষে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এই উদ্ধারকাজে ইতালির বিরুদ্ধে গড়িমসির অভিযোগ এনেছে এ সাগরে অভিবাসী বিষয় সংস্থা অ্যালার্ম ফোন হটলাইন। সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, গত শনিবার নৌকাটি বিপদে পড়েছে বলে বারবার জানানোর পরও ইতালি কর্র্তৃপক্ষ সময়মতো ঘটনাস্থলে কোস্টগার্ড পাঠায়নি।
গত রবিবার অ্যালার্ম ফোন এক বিবৃতিতে বলে, ‘স্পষ্টতই, ইতালি কর্র্তৃপক্ষ ওই মানুষদের উদ্ধার এড়াতে চেয়েছিল। তারা দেরি করেছিল, যাতে লিবিয়ার উপকূলরক্ষীরা সেখানে পৌঁছায় এবং ওই মানুষগুলোকে লিবিয়ায় ফেরত নিতে বাধ্য হয়।’
দীর্ঘ সময় অতিবাহিত করার পর অবশেষে সোমবার তাদের উদ্ধার করে উপকূলে নেয় ইতালির কোস্টগার্ড। ইতালির সংবাদমাধ্যম এএনএসএ জানিয়েছে, উদ্ধার পাওয়া এই ১৭ অভিবাসনপ্রত্যাশীর সবাই বাংলাদেশি। তাদের সিসিলির শহর পোজালোতে রাখা হয়েছে। ইতালির কোস্টগার্ড বলছে, লিবিয়া থেকে ইতালির পথে যাত্রা করা নৌকাটি গত রবিবার খারাপ আবহাওয়ার কারণে উল্টে যায়। ৩০ জন নিখোঁজ রয়েছে। তারা ডুবে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
দাতব্য সংস্থা মেডিটারেনিয়া সেভিং হিউম্যানস জানায়, লিবিয়ার বেনগাজি বন্দর থেকে প্রায় ১১০ মাইল উত্তর-পশ্চিমে নৌকাটি উল্টে গিয়েছিল। এর আগে গত ২৬ ফেব্রুয়ারিতে ক্যালাব্রিয়া অঞ্চলের কাছে আরেকটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছিল।