বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিল মাহিন্দ্রা

ভারতীয় সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার (এমঅ্যান্ডএম) বাংলাদেশ সাবসিডিয়ারি মাহিন্দ্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের (এমবিপিএল) কার্যক্রম বন্ধ করা হয়েছে। গত মঙ্গলবার এ ঘোষণা এসেছে। এদিন এমবিপিএল শেয়ারহোল্ডারদের নিয়ে চূড়ান্ত সাধারণ সভা আহ্বান করে। সেখান থেকে কার্যক্রম পুরোপুরি বন্ধের অনুমোদন দেওয়া হয়। খবর ইন্ডিয়া টাইমসের।

মাহিন্দ্রার পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছর ৩১ মার্চ কার্যক্রম শুরুর পর এমবিপিএলের আয় ছিল শূন্য। চালুর সময়ে কোম্পানির বাজার মূল্য ছিল ৩ কোটি ১৮ লাখ রুপি, যা মুম্বাইভিত্তিক গাড়ি কোম্পানির সম্মিলিত বাজার মূল্যের দশমিক শূন্য এক শতাংশ।

গত বছরের ১৪ সেপ্টেম্বরের এক সভায় ইউনিট বন্ধ ও সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য একটি লিকুইডেটর নিয়োগের প্রস্তাব পাস করে এমবিপিএলের শেয়ারহোল্ডাররা। এরপর তারা কোনো ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করেনি।

২০১৯ সালে সব ধরনের যানবাহনের বিতরণ, গবেষণা ও উন্নয়নসহ একাধিক কার্যক্রম পরিচালনার জন্য এমবিপিএল গঠিত হয়েছিল।