কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আব্দুর রশিদ (২৮) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার মাথায় ও পিঠে গুলি করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার সকালে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ বালুখালী ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের এ-২৮ ব্লকের বাসিন্দা নুর বশরের ছেলে। তিনি আশ্রয় শিবিরটির স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি এনজিওর অফিসে রাতে দায়িত্ব পালন শেষে ভোরে নিজের ছাউনিতে ফেরার সময় সন্ত্রাসীরা রশিদকে ধরে ঘটনাস্থলে নিয়ে যায়। পরে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে মরদেহ ফেলে রেখে চলে যায়।
পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক সৈয়দ হারুন অর রশিদ দেশ রূপান্তরকে বলেন, ‘সকাল ৮টার দিকে ৮ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ব্লকে কিছু সন্ত্রাসী স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নিহত আব্দুর রশিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
এর আগে গত মঙ্গলবার ভোরে দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা গুরুতর আহত হন। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।