যুক্তরাষ্ট্রে এবার ফার্স্ট রিপাবলিক ব্যাংকে নজরদারি

পরপর দুটি ব্যাংক পতনের পর সতর্ক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। নিয়ন্ত্রক সংস্থাগুলোসহ হোয়াইট হাউস এখন অন্যান্য ব্যাংকের ওপর নজর রাখা শুরু করেছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, ফার্স্ট রিপাবলিক ব্যাংকসহ অন্যান্য ছোটখাটো ব্যাংক নজরদারির মধ্যে রাখা হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক বন্ধ করাসহ যেসব ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে, তার বদৌলতে সেখানকার ব্যাংকব্যবস্থা যথেষ্ট সুরক্ষিত। আমানতকারীদের তহবিল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

কর্মকর্তাদের ভাষ্য, হোয়াইট হাউস রাজস্ব বিভাগ ও ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) সঙ্গে সব সময় যোগাযোগ রক্ষা করছে। এখন সবচেয়ে নজরদারিতে আছে ফার্স্ট রিপাবলিক ব্যাংক। এ ব্যাংক কিছুটা বেশি চাপের মুখে। তবে এখনই তারা ফার্স্ট রিপাবলিকের বিষয়ে কিছু করছে না।

অর্থনীতিবিদরা বলেন, অর্থনীতিকে কার্যকর করতে মানুষের সঞ্চয় বিনিয়োগে রূপান্তরিত করতে হয়। তবে এখানে একধরনের দ্বন্দ্ব আছে। সেটা হলো, অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে সঞ্চয়কারীরা তাৎক্ষণিকভাবে সঞ্চয় ভেঙে ফেলতে চান। বিপুলসংখ্যক সঞ্চয়কারী যখন একসঙ্গে সঞ্চয় ভাঙার জন্য ব্যাংকে যান, তখন ব্যাংক ধসে পড়ার গুজব ছড়ায় আর তা বাস্তব রূপ লাভের কাছাকাছি চলে যায়। এমন পরিস্থিতি এড়াতে সরকার নানা পদক্ষেপ নেয়।

মূলধন সংকট ও আমানত ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে গত শুক্রবার বন্ধ হয়ে যায় ক্যালিফোর্নিয়াভিত্তিক সিলিকন ভ্যালি ব্যাংক। ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। এর তিন দিনের মাথায় গত রবিবার বন্ধ ঘোষণা করা হয় নিউ ইয়র্ক ভিত্তিক সিগনেচার ব্যাংকও। বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল প্রটেকশন অ্যান্ড ইনোভেশন। গ্রাহকদের আতঙ্ক দূর করতে প্রেসিডেন্ট জো বাইডেন আশ্বাসও দিয়েছেন। বলেছেন, গ্রাহকদের অর্থ পুরোপুরি নিরাপদ এবং সেজন্য যা যা দরকার, সবই তার সরকার করবে। কিন্তু তাতেও লাভের লাভ কিছু হয়নি। মাত্র তিন দিনের ব্যবধানে দুটি ব্যাংকের পতনে ঝাঁকুনি লেগেছে বিশ^জুড়ে। গত সোমবার ও মঙ্গলবার দুই দিনেই বিশ্বজুড়ে বিভিন্ন ব্যাংকের শেয়ারের দরপতন হয়েছে।