আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয় ভর্তিতে একটিই পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘সারা বিশ্বে যেভাবে হয়, একটি পরীক্ষা হয়, এখানেও সে রকম একটি পরীক্ষা হবে, সব বিশ্ববিদ্যালয় সেখানে অংশ নেবে এবং সেই একটি পরীক্ষার মাধ্যমেই একটা জাতীয় মেধাতালিকা হবে। তার ভিত্তিতেই সব বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে।’
গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক সবার জন্যই হয়রানি অনেকখানি কমেছে, ব্যয় সাশ্রয়ী হয়েছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু যে কোনো নতুন সিস্টেম চালু করতে গেলে সেখানে কিছু কিছু সমস্যা সৃষ্টি হতেই পারে, আমাদেরও সে রকম কিছু কিছু সমস্যা হয়েছে, কিছু কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলোকে কাটিয়ে উঠে আরও ভালো করবার চেষ্টা আমাদের আছে।’
বিশ্ববিদ্যালয়ে র্যাগ দেওয়া নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। নির্যাতনের অভিযোগ ওঠে ক্ষমাতসীন দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। র্যাগিং বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘এখনো পৃথিবীর অধিকাংশ দেশেই কিন্তু সবাই চাওয়া সত্ত্বেও এবং বিভিন্ন ধরনের আইন-কানুন থাকা সত্ত্বেও র্যাগিং কোথাও না কোথাও এখনো চালু আছে। বিভিন্নভাবে হয়, অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়, এটি নিশ্চয় কারও কাম্য নয়। আমি মনে করি সেখানে গণমাধ্যমের বিরাট ভূমিকা রয়েছে।’ তিনি বলেন, ‘র্যাগিং একেবারেই নিষিদ্ধ এবং সরকার সেটা বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা আইন করে বা শিক্ষকদের দিয়ে বললেই হয়ে যাবে এমনটা নয়। এর বিরুদ্ধে মানসিকতা ও সংস্কৃতি তৈরি করতে হবে। সবাইকে নিয়ে কাজ করলে আমরা বিশ্বাস করি এটা নিয়ন্ত্রণ করা সম্ভব।’
পরে শিক্ষামন্ত্রী বিজ্ঞানমেলার উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন একই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির এবং স্থানীয় সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান প্রমুুখ।