সুপ্রিম কোর্টে সংঘর্ষ

ভোট চুরি করতে না পেরে বিএনপির হামলা : কাদের

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ঘিরে আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে লক্ষ করে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে আপনাদের দলের এক নেতা ভোট চুরি করতে গিয়েছিল। এটা ধরা পড়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্বাচনে জিততে ব্যালট পেপার ছিনতাই করতে গিয়েছে। আজকে (গতকাল বুধবার) সকালে নির্বাচন প- করতে হামলা করেছে। ৪০০ জন সন্ত্রাসী পাঠিয়ে জঙ্গি কায়দায় তারা হামলা পরিচালনা করেছে। ব্যালট পেপার ছিনতাই করতে ব্যর্থ হয়ে দফায় দফায় হামলা করেছে।’

গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে দলের যৌথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দলের ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের এই যৌথসভা হয়।

এ সময় বিএনপিকে ‘ভোট চোরের রাজা’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বিএনপি উল্টো আওয়ামী লীগের ওপর ভোট চুরির দায় চাপাতে চায়। তারা ক্ষমতায় যাওয়ার জন্য ১ কোটি ২৩ হাজার ভুয়া ভোটার করেছিল।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন সামনে রেখে আমাদের প্রস্তুতি নিতে হবে। নির্বাচন ঠেকাতে একটা চক্রান্ত শুরু হয়েছে। তাদের (বিএনপি) কার্যক্রমে তারা বোঝাচ্ছে তারা নির্বাচনেও আসবে না, নির্বাচন করতেও দেবে না। তারা ২০১৩-১৪ সালের মতো আবারও সন্ত্রাস সৃষ্টির ষড়যন্ত্র করছে। অশুভ আলামতও আমরা পাচ্ছি।’

বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে বিজ্ঞাপন দিয়ে পুরনো সেই ১/১১ বিরাজনীতিকরণের যে অশুভ তৎপরতা তার চক্রান্ত আবার শুরু হয়েছে। শেখ হাসিনাকে রাজনীতি থেকে হটানোর জন্য আবারও বিদেশ থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সামনের দিনগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং, অত্যন্ত কঠিন।’

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।