মেঘালয়ের কোলঘেঁষা সিলেটে এই সময়টায় বৃষ্টি যে খেলার মাঠে বাগড়া দেবে, আইরিশরা তা বুঝে গেছে প্রস্তুতি ম্যাচেই। কাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে আইরিশদের প্রস্তুতি ম্যাচে একাধিকবার হানা দিয়েছে বৃষ্টি। তবে মেঘ আর রোদের লুকোচুরির ফাঁকে ম্যাচটা আইরিশরা বৃষ্টি আইনে জিতেছে ৭৭ রানে।
বিসিবি একাদশের নেতৃত্বে ইয়াসির রাব্বি। টস জিতে বোলিং নিলেন, হয়তো বৃষ্টিভেজা উইকেটের ফায়দা তুলতেই। দেড় ঘণ্টা দেরিতে শুরু হয় খেলা, প্রতি ইনিংস ৪৩ ওভারের। পরে আবার বৃষ্টি নামলে খেলা কমিয়ে ৪০ ওভারে নামিয়ে আনা হয়। পল স্টার্লিংয়ের ৫৪ আর কার্টিস ক্যাম্ফারের অপরাজিত ৭৫ রানের ইনিংসে ভর করে ৪০ ওভারে ৬ উইকেটে ২৫৫ রান করে আইরিশ একাদশ। জোড়া শিকার রেজাউর রহমান রাজা ও রিশাদ হোসেনের।
রানতাড়ায় শুরুটা খারাপ হয়নি বিসিবি একাদশের। প্রথম উইকেটের পতন সপ্তম ওভারে, জাকির হাসান আউট হয়ে যান গ্রাহাম হিউমের বলে কার্টিস ক্যাম্ফারের হাতে ক্যাচ দিয়ে। সৌম্য সরকার ৪৮ রানে আউট হন ম্যাথু হামফ্রেইসের বলে। অধিনায়ক ইয়াসির ২ রান করে আউট হয়েছেন ম্যাকব্রাইনের বলে। শামীম করেন ৩৫ রান। বিসিবি একাদশ ৩২.১ ওভারে অলআউট ১৮১ রানে। হার ৭৭ রানে।