ফেসবুক লাইভে আরাভের দাবি

আমি খুনের সঙ্গে নই, গুমের সঙ্গে জড়িত

সাকিব আল হাসানের আরাভ জুয়েলার্স উদ্বোধনের সংবাদের পর থেকেই আলোচনায় আসেন প্রতিষ্ঠানটির মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম। তবে আজ বাংলাদেশ সময় দুপুর ১২টা ২২ মিনিটে ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে 'খুনের' অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।

তিনি দাবি করেন, 'আমি খুনের সঙ্গে জড়িত না। ওই দিন আমি ছিলাম না। মামলায় আমার বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে। সেটা যদি আমার অপরাধ হয়, আমি কথা বলেছি, গুমের সঙ্গে আমি জড়িত। সেই শাস্তি আমি মাথা পেতে নেব।'

আরাভ খান দাবি করেন, '২০১৮ সালে বনানীতে আমার অফিস ছিল। আপন বিল্ডার্স নামে আমার রিয়েল এস্টেটের ব্যবসা ছিল। আমি সেদিন বাসায় ভাত খাচ্ছিলাম। আমার সহকারী অফিসে খুনের বিষয়টি ফোনে জানায়। যিনি খুন হয়েছিলেন তিনি একজন পুলিশ কর্মকর্তা। সেটি একটি দুর্ঘটনা ছিল। আমার অপরাধ ছিল আমি ওই অফিসের মালিক। সেদিন জন্মদিনের অনুষ্ঠান ছিল। কথাকাটাকাটির একপর্যায়ে ওই ঘটনা ঘটে।'

তিনি আরও দাবি করেন, 'আমার আমেরিকান গ্রিন কার্ড আছে। কানাডিয়ান পাসপোর্ট আছে। কই আমি তো চলে যাইনি। অনেকে আমাকে চলে যেতে বলেন। আমি খুনের সঙ্গে জড়িত না। জড়িত থাকলে পালিয়ে যেতাম। আমার অফিসে খুন হয়েছে। এ কারণে বিচার হলে আমি মাথা পেতে নেব।' আরাভ খান বলেন, 'এতকিছুর পরেও আমার গতকালের অনুষ্ঠান অনেক ভালোভাবে সম্পন্ন হয়েছে।'

আরাভ খানের ভাষ্য, তিনি শিগগির আমেরিকায় একটি শো-রুম উদ্বোধন করবেন এবং বাংলাদেশের ৬৪টি জেলায় একটি করে মসজিদ নির্মাণ করবেন।