স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস গতকাল শুক্রবার যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’। এ উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল বাদ জুমা মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া এবং মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শন, ৭ মার্চের ভাষণ প্রচার ইত্যাদি।
ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন:
খুলনা : সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ও মহানগর কমান্ড, কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী, কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া খুলনা বিশ^বিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, খুলনা কৃষি বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নানা আয়োজন ছিল।
বরিশাল : সূর্যদয়ের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর প্রমুখ। সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সার্কিট হাউজ থেকে শোভাযাত্রা বের হয়।
গাজীপুর : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আনিসুর রহমান, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ। পরে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দপ্তরের প্রধান ও সামাজিক সংগঠনের নেতকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মহানগর যুবলীগ ও জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। সিটি করপোরেশন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, ডুয়েট, জাতীয় বিশ^বিদ্যালয়, উন্মুক্ত বিশ^বিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ^বিদ্যালয় বিভিন্ন কর্মসূচি পালন করে।
নীলফামারী : সকাল ৯টায় শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদুল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ প্রমুখ পুষ্পমাল্য অর্পণ করেন।
ঠাকুরগাঁও : জাতীয় পতাকা উত্তোলনের জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
বাগেরহাট : শহরে বের করা হয় শোভাযাত্রা। এ ছাড়া জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন, রক্তদান, বৃক্ষরোপণ, হাসপাতাল, এতিমখানা ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন, সন্ধ্যায় আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
নোয়াখালী : সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পঞ্চগড় : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কাটা শেষে জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মাগুরা : শহরের নোমানী ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদৌলা রেজা প্রমুখ।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশ নেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়া, ইউএনও রেজওয়ান উল ইসলাম প্রমুখ।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা, মুক্তিযোদ্ধা সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক নবাবগঞ্জের শিক্ষাধাত্রী মাধুরী বণিকের নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতা করেন। অতিথি ছিলেন সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির।
কবি নজরুল বিশ্ববিদ্যালয় : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু স্কয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। দুপুরে কনফারেন্স হলে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মাভাবিপ্রবি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. সিরাজুল ইসলামকে নিয়ে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।
দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। পরে স্বাধীনতা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।