সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সে কারণে নেতাকর্মীদের চাঙা করতে এবং কর্মসূচিগুলোতে অংশগ্রহণ নিশ্চিত করতে দলের এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর প্রতি বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন বিএনপির হাইকমান্ড।
বিএনপি এবং এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনির্দিষ্ট কারণ ছাড়া যেসব নেতা পরপর তিনটি কর্মসূচিতে অনুপস্থিত থাকবেন তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হবে বলে সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যে এ নির্দেশনার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে চূড়ান্ত আন্দোলনে ভ্যানগার্ড হিসেবে দেখতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘আসন্ন রমজানে ইফতারের রাজনীতি শুরু হবে। এরপর সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নে চলমান আন্দোলনকে চূড়ান্ত রূপ দেওয়া হবে। তাই চূড়ান্ত আন্দোলনের আগে নিষ্ক্রিয় নেতাদের দল থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এ কারণে দলের ঘোষিত কর্মসূচিতে রাজপথে নেতাকর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া ধারাবাহিকভাবে কর্মসূচিতে উপস্থিত না থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে।’
আজ শনিবার ১২টি সাংগঠনিক মহানগরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি করার পর নিষ্ক্রিয় নেতাদের তালিকা তৈরি করে তাদের অব্যাহতি দেওয়া হবে বলে জানান আব্দুস সালাম।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক গতকাল দেশ রূপান্তরকে বলেন, দলীয় কর্মসূচিতে গরহাজির থাকায় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এর অংশ হিসেবে মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩৩ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি কেএম শামসুর রহমানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শামসুর রহমান রাজনৈতিক কর্মসূচিতে অনুপস্থিতিসহ সাংগঠনিক নির্দেশনা অমান্য করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমিনুল হক বলেন, ‘এর আগে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানার আহ্বায়ক ও সাবেক কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক যুগ্ম মহাসচিব দেশ রূপান্তরকে বলেন, ‘ঢাকা মহানগর বিএনপির পাশাপাশি অঙ্গ সংগঠনগুলোর ঢাকা মহানগরের নেতাদের রাজপথে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে আগামীদিনের আন্দোলন সংগ্রামে ভ্যানগার্ড হিসেবে রাখতে চায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে। এই তিনটি অঙ্গ সংগঠনের ঢাকা মহানগরীর নেতাদের প্রস্তুত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে ইতিমধ্যে সংগঠন তিনটির নেতাদের সঙ্গে ভার্চুয়াল সভা করেছেন তিনি। এখন সংগঠন তিনটির নেতারা নিজেদের কমিটির নেতাদের পাশাপাশি ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন।
আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য ছাত্রদলকে কীভাবে প্রস্তুত করা হচ্ছে জানতে চাইলে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল দেশ রূপান্তরকে বলেন, ‘সম্প্রতি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতাদের নিয়ে ধারাবাহিক বৈঠক করেছি। এখন ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট, ঢাকা বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন বিশ^বিদ্যালয়, বিভিন্ন কলেজ ইউনিটের নেতাদের নিয়ে ধারাবাহিক বৈঠক করছি। আগামীর আন্দোলন সংগ্রাম সফল করতে ছাত্রনেতাদের পরামর্শ নেওয়া হচ্ছে।’
ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘আগামী দিনের আন্দোলন সংগ্রাম যেকোনো মূল্যে সফল করতে চাই আমরা। এ কারণে সংগঠনে জবাবদিহিতা এবং সংগঠনের সব পর্যায়ের নেতাদের রাজপথের আন্দোলন সংগ্রামে নিয়মিত অংশগ্রহণের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পদে থাকার পরও যাদের রাজপথে পাওয়া যাবে না তাদের দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন নির্দেশনা আমাদের দিয়েছেন।’
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু দেশ রূপান্তরকে বলেন, ‘চলমান আন্দোলন সংগ্রামে সারা দেশে যুবদলের বেশ কিছু নেতাকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এছাড়া কারাগারে রয়েছে বেশ কয়েকজন জ্যেষ্ঠ যুবদল নেতা। সম্প্রতি যুবদল কেন্দ্রীয় সংসদের যে কমিটি গঠন করা হয়েছে তাদের নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দিনব্যাপী স্কাইপে বৈঠক করেছি। নেতারা আগামীদিনের আন্দোলন সংগ্রাম সফল করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অঙ্গীকার করেছেন।’
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের সংগঠনের নতুন কমিটি গঠনের পর স্বল্প সময়ের মধ্যে পূর্ণা ঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিয়েছি। শিগগিরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কমিটি যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদন করবেন। এরপর সে কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি আগামীদিনের আন্দোলন সংগ্রামে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যে ভ্যানগার্ড হিসেবে দেখতে চায় তার জন্য সংগঠনের নেতাদের তৈরি করছি নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে।’