পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায্য : বাইডেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ‘ন্যায্য’ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও রাশিয়া এবং যুক্তরাষ্ট্র কোনো দেশই আইসিসির সদস্য নয়।

বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন স্পষ্টতই যুদ্ধাপরাধ করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তা ন্যায্য।

গত শুক্রবার আইসিসির এক বিচারক ইউক্রেনে যুদ্ধাপরাধ এবং শিশুদের ইউক্রেন থেকে অবৈধভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে পুতিনকে দায়ী করে তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন। ওইদিনই বাইডেন এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুতিনকে ইঙ্গিত করে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘তিনি স্পষ্টতই যুদ্ধাপরাধ করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা ন্যায্য বলে মনে করি। কিন্তু আমরা বা রাশিয়া কেউই ওই আদালতকে স্বীকৃতি দিইনি, কিন্তু আমি মনে করি এই পরোয়ানা একটি শক্তিশালী ভিত্তি দাঁড় করিয়েছে।’

পুতিনের গ্রেপ্তারি পরোয়ানায় বলা হয়, ‘২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে এসব অপরাধ সংঘটিত হয়েছে। এটা বিশ্বাস করার ‘যৌক্তিক কারণ’ আদালতের আছে যে, পুতিন সরাসরি নিজে এবং অন্যদের সঙ্গে মিলে এসব অপরাধে সম্পৃক্ত ছিলেন। যারা ওই শিশুদের রাশিয়ায় নেওয়ার সঙ্গে জড়িত ছিল, তিনি তাদের থামাননি।’