সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে নাতি-নাতনির স্বপ্ন পূরণে হেলিকপ্টার ও হাতিতে চড়িয়ে ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন এক প্রবাসী।
শনিবার (১৮ মার্চ) বিকেলে সিলেট থেকে হেলিকপ্টার ও হাতির পিঠে চড়িয়ে ছেলে ও ছেলের বউকে বর-কনের সাজে জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকার নিজ বাড়িতে আনা হয়। ব্যতিক্রম এ আয়োজন করেন লুদুরপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শাহ সিরাজুল ইসলাম।
তিনি জানান, ৩সপ্তাহ আগে যুক্তরাজ্যে বড় ছেলে সামছুল ইসলামের সঙ্গে পাকিস্তানি বংশোদ্ভূত হোসেন মিয়ার মেয়ে মনিশা হোসেনের বিয়ে হয়। কিন্ত নাতি-নাতনিদের স্বপ্ন পূরণে দেশে এসে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করেন তিনি।
এ আয়োজনে অংশ নিতে ৭ মার্চ স্ব-পরিবারে তিনি দেশে ফেরেন। শনিবার বিকেলে সিলেটের বাসা থেকে গ্রামের বাড়িতে হেলিকপ্টারে আসেন। পরে গ্রামের রাস্তা থেকে হাতির পিঠে চড়ে বাড়ি যান। ব্যতিক্রম এ আয়োজন দেখতে এলাকায় শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় জমান।