মায়ের ইচ্ছে পূরণে বউ নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরল ছেলে

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

মায়ের ইচ্ছে পূরণে গোপালগঞ্জের কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরলেন প্রবাসী মিলন মধু। আজ রবিবার দুপুরে উপজেলার নারকেল বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এসে অবতরণ করে বেসরকারি কোম্পানির একটি হেলিকপ্টর। এ সময় মিলন মধু তার স্ত্রীকে নিয়ে হেলিকপ্টার থেকে নেমে আসেন। সঙ্গে ছিলেন তার মা ললিতা মধু।

হেলিকপ্টার থেকে মিলন মধু তার মা ও স্ত্রীকে নিয়ে নামার সঙ্গে সঙ্গে বাজনা বাজিয়ে ও ফুল ছিটিয়ে আত্মীয় স্বজন এবং এলাকাবাসী তাদের স্বাগত জানায়। মিলন মধু স্থানীয় নারিকেল বাড়ি গ্রামের সতীশ মধুর ছেলে মিলন মধু। তিনি দীর্ঘ ১৩ বছর জর্ডানে থাকেন। সম্প্রতি তিনি জর্ডান থেকে বাড়িতে এসেছেন।

এর আগে গত শুক্রবার একই স্থান থেকে হেলিকপ্টারে চড়ে মিলন মধু মাদারীপুর জেলার রাজৈরের মহিষমারি গ্রামে বিয়ে করতে যান। বিয়ের কনে মহিষমারি গ্রামের পলাশ সরকারের মেয়ে কলেজছাত্রী প্রেরণা সরকার।

মিলন মধু বলেন, আমার মায়ের ইচ্ছা ছিল আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। তাই মায়ের ইচ্ছেপূরণে আমি হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। আজ আমি আবার আমার মাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলাম।

মিলন মধুর মা ললিতা মধু বলেন, আমার ইচ্ছা পূরণে মিলন আজ হেলিকপ্টারে চড়ে আমার বৌমাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরল। এতে আমার খুব আনন্দ লাগছে। আমি আমার ছেলে ও বৌমার জন্য সকলের কাছে আশীর্বাদ চাই।

এলাকার সাবেক ইউপি সদস্য বিজয় মধু বলেন, মিলন সম্পর্কে আমার ভাতিজা হয়। সে তার মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বৌ নিয়ে বাড়িতে ফিরল। এতে আমরা খুব আনন্দিত। আমাদের এলাকায় হেলিকপ্টারে চড়ে বিয়ে এটাই প্রথম।

নারকেলবাড়ী গ্রামের গৃহবধূ রহিমা বেগম বলেন, এটি একটি রাজকীয় বিয়ে বলে আমাদের কাছে মনে হচ্ছে। দু'দিন আগে মিলন হেলিকপ্টরে চড়ে বিয়ে করতে গিয়েছে। আজ আবার স্ত্রী ও মাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়িতে ফিরে আসল। শুধু তাই নয়, প্রায় ১ সপ্তাহ ধরে মিলনদের বাড়িতে খানাপিনা চলছে। আগামী দিন হবে বৌভাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত