উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া বাড়তি টাকা ফেরত দিতে যাচ্ছেন। এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে মিলাদ ও বিদায় অনুষ্ঠানের নামে অতিরিক্ত টাকা নেন তিনি। গতকাল রবিবার বিকেলে এ ব্যাপারে একদল শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে নেওয়া টাকা ফেরতের নির্দেশ দেন ইউএনও।
লিখিত অভিযোগ ও এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের নভেম্বরে ২৫৪ জন নিয়মিত ও ৭ জন অনিয়মিত এসএসসি পরীক্ষার্থীর কাছ থেকে স্কুল কর্তৃপক্ষ ২ হাজার ২০০ টাকা করে নেয়। সঙ্গে স্কুলের মিলাদ ও বিদায় অনুষ্ঠানের কথা বলে নেয় আরও এক হাজার করে টাকা। কিছুদিন আগে স্কুলে মিলাদ হলেও সেখানে তাদের নিমন্ত্রণ করা হয়নি। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। পরে শিক্ষার্থীরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে বিদায় অনুষ্ঠান করার অনুরোধ করলে তিনি টালবাহানা করতে থাকেন। এমনকি ১১ মার্চ শিক্ষার্থীদের কাছে আরও ৩০০ টাকা করে দাবি করেন প্রধান শিক্ষক।
প্রধান শিক্ষক আবু জামাল বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা টাকা ফেরত দিতে বলেছেন, ফেরত দিয়ে দেব।’