২০২০ সালে সিলেটি ভাষার গান ‘নয়া দামান’ গেয়ে রীতিমতো ভাইরাল হয়ে যান গায়িকা তসিবা। এরপর ২০২১ সালে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তার ডাক পড়ে। ‘আমি পালংক সাজাইলাম গো’ গানটি দিয়ে তিনি ইত্যাদির দর্শক মাতান। এরই মধ্যে ‘সিলেটি পুরী’, ‘সুন্দর মানুষ’ ও ‘নয়া কন্যা’সহ আরও কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। সর্বশেষ ভালোবাসা দিবসে ‘চেংরা বন্ধু’, ‘পাখি’, ‘ পিরিতের নাও’ গানগুলো প্রকাশ করেন। বর্তমানে স্টেজ শোর পাশাপাশি নিয়মিত নতুন নতুন গানে কণ্ঠ দিচ্ছেন। তবে তসিবার আজকের এ জায়গায় আসতে সময় লেগেছে ১৪ বছর। তিনি বলেন, ‘আট বছর বয়স থেকে গান করছি। ‘ক্ষুদে গানরাজ’সহ কয়েকটি প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছি। কিন্তু সেভাবে কোনো জায়গা করে নিতে পারিনি। এরপর যখন টিকটক আসে তখন আমি এটাকে খুব পজিটিভভাবে নিই। এই অ্যাপসে নিয়মিত দুই-এক লাইন গান করতাম। একইভাবে টিকটকে ‘নয়া দামান’ গানটিও করি। এরপর আমেরিকাপ্রবাসী মুজা গানটি দেখে আমাকে গানটি করার প্রস্তাব দেয়। তিন দিনেই পুরো গানটির কাজ শেষ করে আমরা রিলিজ করি। এরপর টিকটকের মাধ্যমেই গানটি সবার কাছে পৌঁছে যায়। এক সপ্তাহে গানটির চার মিলিয়ন ভিউ হয়। এভাবেই গানটি আজকের এ জায়গা দখল করে নিল।’ তিনি আরও বলেন, ‘ইত্যাদির মাধ্যমে আমার জায়গা আরও দৃঢ় হয়েছে। এত অল্প সময়ে হানিফ সংকেত স্যার আমাকে ডাকবেন কখনো ভাবিনি।’ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তসিবা বলেন, ‘আমি নিজেকে ভাইরাল শিল্পী বলব না। এটা আমার দীর্ঘ সময়ের ফল। এত দিনের পরিশ্রমের ফল ২০২০ সালে পেয়েছি। তবে শেখার শেষ নেই। নিয়মিত গানের বেসিক অনেক কিছু শেখার চেষ্টা করছি। নিয়মিত ভালো কথা ও সুরের গান করার চেষ্টা করছি।’ অডিও গানের বাইরে এ কণ্ঠশিল্পী এর মধ্যে প্লেব্যাক করেছেন। মিজানুর রহমান লাবুর ‘আমার অরণ্য’ শিরোমানের একটি সিনেমায় কণ্ঠ দিয়েছেন জানান।