ওটিটিতে ‘পাঠান’

নির্ধারিত দিনের অনেক আগেই ওটিটিতে আসছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত বক্স অফিসে ইতিহাস সৃষ্টিকারী ছবি ‘পাঠান’। শোনা যাচ্ছে, চলতি মাসেই সিনেমাটি স্ট্রিমিং হচ্ছে। সদ্যই বড়পর্দায় ৫০ দিন পূর্ণ করেছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই স্পাই থ্রিলার ছবিটি। এরই মধ্যে ‘পাঠান’ বক্স অফিসে হাজার কোটির মাইলফলক স্পর্শ করেছে। কথা ছিল আগামী ২৫ এপ্রিল ওটিটিতে আসবে ‘পাঠান’। মুক্তির আগেই এমনটা ঘোষণা করে যশ রাজ ফিল্মস। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, এপ্রিল নয় বরং ২২ মার্চ থেকেই ওটিটিতে দর্শক পাঠান ছবিটি দেখতে পারবেন। আর এটি দেখা যাবে অন্যতম ওটিটি জায়ান্ট আমাজন প্রাইমে। যদিও প্রযোজনা সংস্থা কিংবা আমাজন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এমনটি জানায়নি।

তবে ভারতের বেশ কিছু সংবাদমাধ্যমে বিভিন্ন সূত্রের বরাতে ‘পাঠান’-এর ওটিটি রিলিজ তারিখ ঘোষণা করে। শোনা যাচ্ছে, সিবিএফসির বাদ দেওয়া বিতর্কিত দৃশ্যও দেখা যাবে ছবির ওটিটি ভার্সনে। মুক্তির প্রথম ধাপেই ১০০০ কোটি রুপি আয় করল কিং খানের ‘পাঠান’। বিশ্বব্যাপী এই আয় ১২২ মিলিয়নেরও বেশি। হিন্দি ছবির ইতিহাসে ‘দঙ্গল’কে হার মানাল ‘পাঠান’র এই আয়।

এত দিন ১০০০ কোটি রুপি আয় করা একমাত্র বলিউড ছবি ছিল আমির খানের ‘দঙ্গল’। এ ছাড়া দক্ষিণী ছবি হিসেবে প্রভাসের ‘বাহুবলী ২’, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির ‘আরআরআর’ এবং যশের ‘কেজিএফ ২’ ১০০০ কোটির মাইলফলক ছুঁয়েছিল। চার বছর পর বড়পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বক্স অফিস কাঁপিয়ে একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।