সেবিকার পোশাক পরে হাসপাতালে ঘুরছিলেন তরুণী

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্টাফ নার্সের পোশাক পরে ঘোরাফেরা করার সময় পূর্ণিমা ওরফে তুলি নামে এক তরুণীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। গতকাল সোমবার রহস্যজনকভাবে ঘণ্টাখানেক ঘোরাফেরা করার পর বেলা ১২টার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা ১১টা থেকে নার্সের পোশাক পরিহিত অপরিচিত এক তরুণী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় অন্যান্য নার্সরা তাকে জিজ্ঞেস করলে ওই তরুণী এ হাসপাতালে নতুন যোগদান করেছেন বলে জানান। পরে হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক পুলিশ ডেকে আনলে ওই তরুণী নার্স নন বলে স্বীকার করেন।

হাসপাতালটির উপসেবা তত্ত্বাবধায়ক নাজমা খাতুন ও নার্সরা বলেন, এদের মতো ভূয়া ও প্রতারকরা হাসপাতাল থেকে শিশু, ওষুধ, মোবাইলসহ বিভিন্ন জিনিস চুরি করে। এতে দুর্নাম হয় হাসপাতালে কর্মরতদের। 

জয়পুরহাট থানার এসআই মো. রুবেল বলেন, ভুয়া নার্সকে থানায় আনা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।