হেলেনা জাহাঙ্গীরের দুই বছরের কারাদন্ড

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত নেত্রী ও আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনকে প্রতারণার মামলায় দুই বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জয়যাত্রা টেলিভিশনের মহাব্যবস্থাপক হাজেরা খাতুন, টেলিভিশনের সমন্বয়ক সানাউল্লাহ নূরী, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ ও স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান দেশ রূপান্তরকে বলেন, রায়ের সময় হেলেনা জাহাঙ্গীর ও হাজেরা খাতুন হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশে দেয় আদালত। সাজাপ্রাপ্ত অপর তিনজনকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

জয়যাত্রা টিভির ভোলা জেলা প্রতিনিধি আবদুর রহমান তুহিন বাদী হয়ে ২০২১ সালের ২ আগস্ট রাজধানীর পল্লবী থানায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, জয়যাত্রা টিভির স্থানীয় সংবাদদাতা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য বাদীর কাছ থেকে ৫৪ হাজার টাকা নেন হেলেনা জাহাঙ্গীর। প্রতিবেদক হিসেবে কয়েক মাস কাজ করলেও তাকে কোনো বেতন দেওয়া দেয়নি। অন্যদিকে তার কাছ থেকে প্রতি মাসে তিন হাজার টাকা নেয় টেলিভিশন কর্তৃপক্ষ।

তদন্ত শেষে ২০২১ সালের ২১ নভেম্বর হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। ২০২২ সালের ১৮ এপ্রিল অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আসামিদের বিরুদ্ধে ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন।

রায়ের পর আসামিপক্ষের আইনজীবী আমানুল করিম লিটন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।