বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ২৯ মে শুনানির দিন ঠিক করেছে আদালত। গতকাল সোমবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক মো. আকতারুজ্জামান এ দিন ঠিক করেন। বিএনপি চেয়ারপারসন অসুস্থ থাকায় তার পক্ষে আইনজীবীরা হাজিরা দেন। একই সঙ্গে শুনানি পেছানোর আবেদন করেন তারা। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ঠিক করে।
২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি নিয়ে দুর্নীতির অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অভিযোগপত্রে বলা হয়, কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়।
এ মামলার আসামির দুই জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়। একই সঙ্গে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান, বিএনপি নেতা এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম, সাবেক বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার মো. আমিনুল হক মৃত্যুবরণ করায় তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।