ময়মনসিংহে আবাসিক হোটেলে তরুণী খুনের ঘটনায় গ্রেপ্তার ১

ময়মনসিংহে আবাসিক হোটেলে এক তরুণীকে হত্যার অভিযোগে রাকিবুল ইসলাম রাকিব (২৩) নামের এক তরুণকে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে গত রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। রাকিবের বাড়ি গজারিয়া উপজেলার চরচাষী এলাকায়। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ কনফারেন্স হলে পুলিশ সুপার মোহাম্মদ মাছুম আহাম্মদ ভূঞা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে রাকিব পুলিশকে জানায় গত ১৪ মার্চ সন্ধ্যায় রাকিব ঢাকা থেকে এক নারীকে ময়মনসিংহ যাওয়ার জন্য প্রস্তাব দিলে তিনি পাঁচ হাজার টাকা দেওয়ার শর্তে রাজি হন। তারা রাতে ময়মনসিংহে পৌঁছে স্বামী-স্ত্রী পরিচয়ে নগরীর হোটেল নিরালায় ওঠেন। পরদিন সকালে টাকা নিয়ে ওই নারীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে রাকিব তাকে চাকু দিয়ে গলা কাটেন এবং মৃত্যু নিশ্চিত করার জন্য দুই হাতের রগ কেটে দেন।