নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হওয়া সেই ভবন ভেঙে ফেলার সুপারিশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৬টি বিভাগের কর্মকর্তারা। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ সুলতানা খান হীরামনি, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) নাজমুল হাসানসহ ফায়ার সার্ভিস, গণপূর্ত বিভাগ, প্রকৌশল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মানুষের নিরাপত্তার জন্য ভবনটি দ্রুত ভেঙে অপসারণ করা প্রয়োজন। এটা ভাঙার জন্য আমরা ইতিমধ্যে রাজউককে বলেছি।’
গত শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে ইলিয়াছ দেওয়ানের মালিকানাধীন শত বছরের পুরনো দোতলা ওই ভবনে গ্যাসলাইনের ছিদ্র বিস্ফোরণ হয়। এ সময় আগুন লেগে দুজন নিহত হয়।