এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘন, ১২ মামলা

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যানবাহনের গতিসীমা লঙ্ঘনের দায়ে ১২টি পরিবহনের মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর ২টার মধ্যে মামলাগুলো দায়ের করা হয়।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার জানান, গতিসীমা লঙ্ঘনের দায়ে ১২টি মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে ইমাদ পরিবহনের একটি গাড়ি রয়েছে। এটি ঢাকা থেকে ৯২ কিলোমিটার/ঘণ্টা গতিতে সাতক্ষীরা যাচ্ছিল।

শিবচর হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মো. মোফাজ্জেল হক জানান, দুর্ঘটনার পরদিন সোমবার একই অপরাধে মামলা হয় ২৫টি। পরদিন মঙ্গলবার ২০টি এবং বুধবার ১৭টি মামলা হয়। গতিসীমা লঙ্ঘন করায় ফেব্রুয়ারি মাসে ২৮৪টি মামলা করে হাইওয়ে পুলিশ। জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৩১৫টি।

এর আগে, রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর সীমানা এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হয়। এ দুর্ঘটনায় অন্তত ২৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতাল, পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ২ জনসহ মোট ১৯ জনের মৃত্যু হয়।