বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক প্রতিবেদনের কঠোর সমালোচনা ও নিন্দা করেছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’। গতকাল বৃহস্পতিবার সংগঠনের উপদেষ্টা ও কেন্দ্রীয় নেতাদের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি উপমহাদেশে জঙ্গি মৌলবাদী সন্ত্রাসকে ইন্ধন জোগাবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে যেসব মন্তব্য করেছে তা আমাদের বিস্মিত ও ক্ষুব্ধ করেছে। এই প্রতিবেদনে ৭১-এর গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামী সম্পর্কে বলা হয়েছে, ‘আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির কারণে বাংলাদেশের বৃহত্তম মুসলিম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ তাদের সংবিধান প্রদত্ত বাকস্বাধীনতা ও সমাবেশের স্বাধীনতা ভোগ করতে পারছেন না।’ এবং ‘সরকার কর্র্তৃক রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের কারণে জামায়াত প্রার্থীরা দলের নামে নির্বাচন করতে পারছেন না’ ইত্যাদি। জামায়াত সম্পর্কে অত্যন্ত নিন্দনীয় মার্কিন প্রতিবেদন শুধু অসত্য নয়, বাংলাদেশসহ গোটা উপমহাদেশে জামায়াত পরিচালিত জঙ্গি মৌলবাদী সন্ত্রাসকে ইন্ধন জোগাবে বলে আমরা মনে করি।”
জামায়াতকে একটি গণতন্ত্রবিরোধী ফ্যাসিস্ট দল হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ধরনের গণতন্ত্রবিদ্বেষী ফ্যাসিস্ট জামায়াতে ইসলামীকে স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের বৃহত্তম ইসলামী দল হিসেবে আখ্যায়িত করে তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য যে ওকালতি করছে তাতে উপমহাদেশসহ সমগ্র বিশ্বে ইসলামের নামে যাবতীয় সন্ত্রাসের গুরু জামায়াত শুধু অধিকতর সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত হবে না, ভবিষ্যতে আমেরিকার মতো দেশে ৯/১১-এর মতো অসংখ্য সন্ত্রাসী ঘটনায় ইন্ধন জোগাবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিএনপির জোটে থেকে এবং স্টেট ডিপার্টমেন্টের প্রশ্রয় পেয়ে জামায়াত এখনো তাদের আশ্রিত জঙ্গি সন্ত্রাসী সংগঠনগুলোর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে।’
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ব্যারিস্টার শফিক আহমেদ, অধ্যাপক অনুপম সেন, নাট্যজন রামেন্দু মজুমদার, সমাজকর্মী মালেকা খান, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুন নবী, অধ্যাপক পান্না কায়সার, ঊষাতন তালুকদার, কথাশিল্পী সেলিনা হোসেন, চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদজায়া সালমা হক, কথাশিল্পী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, যাত্রাশিল্পী মিলন কান্তি দে, অধ্যাপক মেজবাহ কামাল, ড. মেঘনা গুহঠাকুরতা, শহীদসন্তান অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, শহীদসন্তান শমী কায়সার, শহীদসন্তান আসিফ মুনীর তন্ময় প্রমুখ।