এবার গণভবনে ইফতার পার্টি করবেন না প্রধানমন্ত্রী

এবারের রমজানে গণভবনে কোনো ইফতার পার্টির আয়োজন করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যক্তিগতভাবেও তিনি এবার সাদামাটা ইফতার করবেন। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সাশ্রয়ী নীতি অবলম্বন করেই প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সরকারপ্রধানের এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। তুষার বলেন, সাধারণত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইফতার সাদামাটা। তিনি ব্যক্তিগত ইফতারে কৃচ্ছ্রসাধন করেন। ইফতারে তিনি সংযম ও ব্যয় সংকোচন করবেন। তিনি আরও বলেন, বিভিন্ন খাতে ব্যয় সংকোচনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় ইতিমধ্যে প্রায় ২৫ কোটি টাকার মতো সাশ্রয় করেছে।

বিগত বছরগুলোতে বিশেষ করে করোনা মহামারীর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক, কূটনৈতিকসহ বিভিন্ন পেশাজীবীদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করতেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। গতকাল তিনি এক বাণীতে বলেন, ‘সিয়াম সাধনা ও সংযমের মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্যলাভ এবং ক্ষমালাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।’