বিএনপিতেই সংকট দেশে কোনো সংকট নেই : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে আওয়ামী লীগের প্রতিনিধিদল তার বাসায় গিয়েছিল। বিএনপির মতো পদলেহন করতে আমরা রাত-বিরাতে সেখানে বসে থাকি না।’

মন্ত্রী বলেন, ‘বিএনপির মধ্যেই সংকট; দেশে কোনো রাজনৈতিক সংকট নেই।’ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার বিষয়ে বিএনপির দাবি উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘এটা হবে না।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য অধিদপ্তরের প্রকাশিত ২৫০ পৃষ্ঠার ‘বিজয়ের কথা বলবো’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া ও অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দীন সে সময় উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বক্তব্য ‘দেশ ভয়াবহ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে’ এ বিষয়ে প্রশ্ন করলে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব যদি কথাটা এভাবে বলতেন যে, বিএনপির মধ্যে ভয়াবহ রাজনৈতিক সংকট চলছে তাহলে সেটি বাস্তব এবং ঠিক হতো।’ তিনি বলেন, ‘দেশে কোনো রাজনৈতিক সংকট নেই। বিএনপির ভেতরেই ভয়াবহ সংকট চলছে। বিএনপির চেয়ারপারসন সাজাপ্রাপ্ত আসামি এবং তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন পলাতক। অনেকেই ভারপ্রাপ্তকে চেয়ারম্যানকে মানতে নারাজ। আবার অনেকে মির্জা ফখরুল সাহেবের নেতৃত্ব মানতে নারাজ।’

‘বিএনপির সব অর্জন আওয়ামী লীগ ধ্বংস করছে’ এমন অভিযোগের জবাবে সম্প্রচারমন্ত্রী হাছান বলেন, ‘বিএনপির অর্জন হচ্ছে, পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া, ২১ আগস্টের গ্রেনেড হামলা ও পাঁচশ জায়গায় একযোগে বোমা হামলা। বিএনপির সৃষ্টি হচ্ছে শায়খ আবদুর রহমান, বাংলাভাই সেসব এখন এ দেশে নেই। আমরা সেসব অর্জন ধ্বংস করে দিয়েছি। বিপরীতে গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ঈর্ষণীয় অগ্রগতি হয়েছে। এ কথা আজ সমগ্র বিশ্ব স্বীকার করছে।’

মন্ত্রী বলেন, ‘পাকিস্তানের পার্লামেন্টে শেখ হাসিনার প্রশংসা করে বক্তব্য দেওয়া হয়। পাকিস্তানের টেলিভিশনে তাদের নিজেদের সমালোচনা আর শেখ হাসিনার নেতৃত্ব, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিবÑ সবাই বাংলাদেশের প্রশংসা করছে। প্রশংসা করতে পারছে না শুধু বিএনপি আর বিএনপির নেতারা।’

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘২০১৪ সালের নির্বাচন থেকে আমরা বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের নমুনা দেখছি। বিএনপি যখন আন্দোলনের কথা বলে, তখন পেট্রলবোমা, মানুষ পুড়িয়ে মারার মহোৎসবের কথা মনে পড়ে। বাংলাদেশের মানুষ তাদের আর সে কাজ করতে দেবে না। তত্ত্বাবধায়ক সরকার কখনো ফিরে আসবে না।’

পত্রপত্রিকা ও অনলাইনে প্রকাশিত তথ্য অধিদপ্তরের নিবন্ধের সংকলন ‘বিজয়ের কথা বলবো’ গ্রন্থে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, দেশ গঠন ও উন্নয়ন-অগ্রগতি নিয়ে বিশিষ্ট রাজনীতিক, গবেষক ও ইতিহাসবিদদের ৫৩টি নিবন্ধ সংকলিত রয়েছে।