ডিএমপিতে বিএনপি

নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার না করার অনুরোধ

আজ শুক্রবার প্রথম রমজান থেকে শুরু হচ্ছে বিএনপির ইফতার অনুষ্ঠান। প্রথম দিন রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এতিম, আলেম-ওলামাদের সম্মানে ইফতার আয়োজন করা হবে।

বিএনপির ইফতার মাহফিলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেন কোনো প্রকার বাধা দেওয়া না হয় সে বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) অনুরোধ করেছে দলটি। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধিদল এ অনুরোধ জানায়। পাশাপাশি বিনা ওয়ারেন্টে নেতাকর্মীদের গ্রেপ্তার না করতে অনুরোধ জানিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

বিএনপির তিন সদস্যে প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিনা ওয়ারেন্টে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এমন দাবি করে আমান বলেন, ‘আগামী নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবারও বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। আপনারা দেখেছেন, বিনা ওয়ারেন্টে যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। বনানীর একটি ক্লাবে সামাজিক অনুষ্ঠান থেকে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমনিভাবে সারা দেশে অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি, রমজানে বিনা ওয়ারেন্টে নেতাকর্মীদের গ্রেপ্তার না করতে।’

তিনি বলেন, ‘যেখানে কথা বলছি, সবাই বলছে ওপরের নির্দেশে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা বলেছি, এই গ্রেপ্তার বন্ধ করতে হবে। যদি ওয়ারেন্ট থাকে তা দেখিয়ে গ্রেপ্তার করবেন। যাদের নামে ওয়ারেন্ট নেই, বাসায় ঘুমাচ্ছে তাদের রাত ৩টায় তুলে নিয়ে আসবেন, এটা হবে না।’

আমান বলেন, ‘রমজান মাসে বিভিন্ন থানায় আমাদের ইফতার মাহফিল হবে। সেই ইফতার মাহফিলে আমাদের জাতীয় নেতারা উপস্থিত থাকবেন। সেটা যেন বিনা বাধায় করা যায়, সে ব্যাপারে আমরা নিশ্চয়তা চেয়েছি। কমিশনার সাহেব বলেছেন তিনি দেখবেন।’

পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠক : ঢাকায় বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠান সামনে রেখে দীর্ঘদিন পর গত বুধবার রাতে বিএনপির বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির বৈঠক হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, কমিটির সদস্য আব্দুল আউয়াল মিন্টু, শামা ওবায়েদ, ব্যারিস্টার রুমিন ফারহানা ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আগামী ৩০ মার্চ কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল করবে বিএনপি।