নির্বাচিত নয় তাই মানুষের কষ্ট বোঝে না সরকার

পয়লা রমজানে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এতিম, আলেম ও ওলামাদের নিয়ে ইফতার পার্টি করেছে বিএনপি। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। রোজায় মানুষের যেটুকু খাবার দরকার তা পাচ্ছে না। জিনিসের দাম আকাশচুম্বী। এর কারণ সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও নিজেদের সিন্ডিকেট। সরকার নির্বাচিত নয়। তাই তারা মানুষের কষ্ট লাঘবের কাজ করছে না।’

মির্জা ফখরুলের বক্তব্যের পর ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন। ইফতারে অংশ নেয় রহমতে আলম ইসলামি মিশন মাদ্রাসা ও এতিমখানা এবং শান্তিনগর মাদ্রাসা ও এতিমখানার শিশুরা।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে। সারা দেশে রমজানের মধ্যেও আন্দোলন চলবে। আমাদের ১৩ নেতাকর্মী নিহত হয়েছে। গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে ১ এপ্রিল সব জেলায় ২টা-৪টা অবস্থান কর্মসূচি। ৮ এপ্রিল ৩টা থেকে ৫টা পর্যন্ত মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে অবস্থান কর্মসূচি। ১৩ এপ্রিল প্রচারপত্র বিলি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলবে।’

তিনি বলেন, ‘৯ এপ্রিল রংপুর ও চট্টগ্রাম বিভাগে, ১০ এপ্রিল রাজশাহী ও সিলেট বিভাগে, ১১ এপ্রিল খুলনা ও কুমিল্লা বিভাগে, ১২ এপ্রিল ঢাকা ও বরিশাল বিভাগে, ১৩ এপ্রিল ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগে এবং ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারা দেশের জেলা/মহানগর, উপজেলা/থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা এবং দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় ও বিভিন্ন গণসংযোগমূলক কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।’

ইফতারে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

কারাবন্দি নেতাদের বাসায় ইফতার : পয়লা রমজানে দলের কারাবন্দি ৩৬ নেতার বাসায় ইফতারসামগ্রী পাঠিয়েছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গতকাল শুক্রবার তাদের বাসায় ইফতার পৌঁছে দেওয়া হয়। ফলসহ নানা আইটেম ইফতারে ছিল।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মীর সরফত আলী সপু, প্রকাশনা-সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সাবেক ছাত্রনেতা মিয়া নূর উদ্দীন অপু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীর, আলী আকবর চুন্নু, যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সহ-সভাপতি ইউসুফ বিন জলিল, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন প্রমুখের বাসায় ইফতার পাঠানো হয়।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কারাবন্দি  নেতাদের বাসায় ইফতারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।