মোংলায় বিএনপি- জামায়াতের ৬ নেতা-কর্মী আটক

বাগেরহাটের মোংলায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আটক করেছেন পুলিশ। রোববার (২৬ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক, মিঠাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি লুৎফর আমির, ছাত্রদল নেতা মো. মুজাহিদ, যুবদল নেতা শফিকুল শেখ ও জিয়া শেখ।

সোমবার সকালে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, নাশকতার মামলায় তাদেরকে আটক করা হয়েছে। মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, যাদেরকে আটক করা হয়েছে তাদের কারও নামে কোন মামলা নেই এমনকি জিডি পর্যন্ত নেই। অহেতুক ইফতার ও তারাবির সময় এ সকল নেতা- কর্মীকে আটক করছে পুলিশ।

তিনি বলেন, পুলিশ যেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, সেখানে অসৎ উদ্দেশ্যে মিথ্যা মামলায় নিরীহ নেতা-কর্মীদেরকে আটক করে পবিত্র রমজান মাসে আতঙ্ক সৃষ্টি করছেন।