দেশে ভ্যাকসিনের চাহিদা মেটাবে এসেনসিয়াল ড্রাগস

রাষ্ট্রায়ত্ত এসেনসিয়াল ড্রাগস সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওষুধের চাহিদার ৭০ শতাংশ পূরণ করে। সাশ্রয়ীমূল্য কিন্তু মানসম্পন্ন ওষুধ উৎপাদনকারী এ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বে রয়েছেন অধ্যাপক ডা. এহ্সানুল কবির, যিনি পেশায় একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আকর্ষণীয় মুনাফা ও নিয়মিত সম্প্রসারণে অনুকরণীয় প্রতিষ্ঠানটির  ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি কথা বলেছেন দেশ রূপান্তরের বিশেষ প্রতিবেদক আলতাফ মাসুদ-এর সঙ্গে।

গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যালস ল্যাবরেটরি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হলেও নানা চড়াই-উতরাই পেরিয়ে ১৯৮৩ সালে এটি এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড নামে পুনঃনামকরণ করা হয়। এ কোম্পানি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হচ্ছে মানসম্মত ওষুধ উৎপাদনের পাশাপাশি নিজস্ব সাপ্লাই চেইনের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে তা পৌঁছে দেওয়া। ২০১৪ সালের ২২ অক্টোবর এসেনসিয়াল ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ডা. এহ্সানুল কবির। এরপর থেকেই পাল্টে যেতে শুরু করে সরকারি এ প্রতিষ্ঠানটি। তিনি দায়িত্ব নেওয়ার পর গত সাড়ে আট বছরে গতানুগতিক প্রতিষ্ঠানটি আজ সরকারি স্বাস্থ্যসেবায় অপরিহার্য হিসেবে প্রতিষ্ঠিত।

এসেনসিয়াল ড্রাগস ইতিমধ্যেই সরকারের একটি ইউনিক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত। প্রতিদিন এক থেকে দেড় কোটি মানুষ এ কোম্পানির উৎপাদিত ওষুধ সেবন করছেন, যা বিনামূল্যে সরকার প্রদান করছে। পরিবার পরিকল্পনায় যেসব ওষুধ প্রয়োজন হয় সেগুলোও উৎপাদন করছে কোম্পানিটি।

দেশ রূপান্তরকে অধ্যাপক ডা. এহ্সানুল কবির জানিয়েছেন, বর্তমানে আমরা ১২৩ ধরনের ওষুধ উৎপাদন করি। এর মধ্যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিস্টামিনসহ জেনারেল প্রোডাক্টগুলো উৎপাদন করা হচ্ছে। এর বাইরে কিছু ব্যয়বহুল ওষুধও উৎপাদন করা হচ্ছে। বাইরের কোম্পানির তুলনায় আমরা সরকারকে ১৫-২০ শতাংশ হ্রাসকৃত মূল্যে মানসম্মত ওষুধ দিতে পারছি। আমাদের উৎপাদিত ওষুধের মাধ্যমে প্রতি বছর সরকারের শত শত কোটি টাকা সাশ্রয় হচ্ছে।

২০১৪ সালে এসেনসিয়াল ড্রাগসের বার্ষিক টার্নওভার ছিল প্রায় ৩৫০ কোটি টাকা, যা এখন ১ হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এহ্সানুল কবির বলেন, সরকার আমাদের উৎপাদিত ওষুধে ৫ থেকে ৭ শতাংশ মুনাফা দেয়। সরকারের কাছে ওষুধ বিক্রির অর্থে উৎপাদনসহ সব খরচ মেটানোর পরও আমরা প্রতি বছর ভালো মুনাফা করছি। সর্বশেষ হিসাববছরে আমাদের প্রতিষ্ঠান ১১০ কোটি টাকা নিট মুনাফা করেছে।

এসেনসিয়াল ড্রাগসের ওষুধ মানসম্মত ও সাশ্রয়ী হলে বাইরে পাওয়া যায় না কেন এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞ এ চিকিৎসক বলেন, আমরা সরকারের চাহিদাই মেটাতে পারছি না। কারণ আমাদের কারখানাগুলো অনেক পুরনো, যার কারণে এর উৎপাদন সক্ষমতা কম ছিল। যখন আমাদের কারখানাগুলো তৈরি হয় তখন সারা দেশে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ছিল আটটা। কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৭টিতে। কিন্তু এ সময়ে আমাদের উৎপাদন সক্ষমতা তেমনটা বাড়েনি। বর্তমানে সরকারি হাসপাতালগুলোর ওষুধের কেনার যে বাজেট, তার ৭০ শতাংশ আমরা সরবরাহ করতে পারছি।

কারখানা সম্প্রসারণের বেশ কিছু উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ঢাকার তেজগাঁওয়ের প্ল্যান্টটা মানিকগঞ্জে স্থানান্তর করা হচ্ছে। মানিকগঞ্জে ৩১ একর জমিতে আপাতত ২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। মানিকগঞ্জের প্ল্যান্ট চালু হলে হাসপাতালগুলোর শতভাগ ওষুধ আমরা সরবরাহ করতে পারব বলে আশা করছি। শুধু তাই নয়, রপ্তানিও করতে পারব।

গোপালগঞ্জে নতুন প্ল্যান্ট করা হয়েছে, যেখানে অ্যান্টিবায়োটিক, জন্মনিয়ন্ত্রণ বড়ি, ইনজেকশন, সাল্যাইনসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হবে। দেশে প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগের কথা জানিয়ে এহ্সানুল কবির বলেন, আমাদের গোপালগঞ্জের প্ল্যান্টের পাশে সাড়ে ছয় একর জমি অধিগ্রহণ করেছি, যেখানে ১২টি টিকা উৎপাদন করব। ইনফ্লুয়েঞ্জা, ম্যানিনজাইটিস, করোনা, টিউবারকলোসিসসহ বাংলাদেশে শিশুদের যে ১১টি টিকা দেওয়া হয় সেগুলোর সবই আমদানিনির্ভর, যা আমরা উৎপাদন করব। এর বাইরে করোনার টিকাও উৎপাদন করব। সেখানে উৎপাদন, বোতলজাত ও ভ্যাকসিন ম্যানুফ্যাকচারÑ এ তিন পর্যায়ে উৎপাদন হবে। এ ছাড়া গবেষণা উন্নয়নেও ব্যবস্থা থাকছে। গোপালগঞ্জে ডায়ালাইসিস সøুইড তৈরি হবে, যার ফলে ডায়ালাইসিসের খরচ অনেক কমে যাবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ইতিমধ্যে এ প্রকল্পে ২৫০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর সরকার দেবে ৫০ কোটি। ইতিমধ্যেই ডিপিপি তৈরি হয়েছে। আগামী জুলাই থেকে কাজ শুরু হবে আশা করছি। কয়েকটি ধাপে প্রকল্পটি সম্পন্ন হতে পাঁচ বছর সময় লাগবে।

তিনি বলেন, বগুড়ায় ২১ বছর আগে একটি প্ল্যান্ট করার উদ্যোগ নেওয়া হয়েছিল। যেখানে অবকাঠামো তৈরির আগেই মেশিন কেনা হয়েছিল। বিভিন্ন কারণে সেখানে অবকাঠামো নির্মাণ করা হয়নি। আমি সেখানে ভবন তৈরিসহ সব ধরনের অবকাঠামো নির্মাণ করেছি, যা গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। বগুড়ার প্ল্যান্টে উন্নতমানের অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হচ্ছে।

এহ্সানুল কবির পেশায় একজন বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি অবসরে এখনো রোগীদের পরামর্শ সেবা দিয়ে থাকেন। ওষুধ কোম্পানির ব্যবস্থাপনায় তার মূল পেশা কোনো সহায়ক ভূমিকা পালন করছে কি না এমন প্রশ্নে তিনি বলছিলেন, বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার কারণে কোম্পানি পরিচালনায় অবশ্যই কিছু সুবিধা পেয়েছি। একজন ডাক্তার হওয়ার কারণে আমি বুঝতে পারি কোন ওষুধটি মানুষের বেশি প্রয়োজন। কোন ওষুধটা ডেভেলপ করলে মানুষের সত্যিকারের উপকার হবে সেগুলো আমরা তৈরি করে সাশ্রয়ীমূল্যে সরবরাহ করেছি। তিনি জানান, এসেনসিয়াল ড্রাগসে কাজ শুরুর আগে তিনটি দেশের একাধিক প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজ করতে হয়েছে। সেই অভিজ্ঞতাও এখানে কাজে লাগছে।

আমি চেষ্টা করছি কর্মিবান্ধব প্রতিষ্ঠান গড়ে তুলতে। এ জন্য সামর্থ্যরে মধ্য থেকে শ্রমিকদের কী কী সুবিধা দেওয়া যায়, তার পরিকল্পনা হয়েছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করেছি। আমি যোগ দেওয়ার পর ২০১৫ সালে আমি শ্রমিকদের বেতন দ্বিগুণ করে দিয়েছি। তাদের খাবারের মান উন্নয়ন করেছি। ঢাকার যত শ্রমিক আছে তাদের সবার জন্য বাস সার্ভিস চালু করেছি। মধুপুরে আমাদের একটি কারখানা আছে, যেখানকার শ্রমিকদের জন্য বীরশ্রেষ্ঠদের নামে চারটি ডরমিটরির ব্যবস্থা করে দিয়েছি। কারখানায় ডাক্তারের ব্যবস্থা করে দিয়েছি। আমাদের পাঁচটা প্ল্যান্টে শ্রমিকদের বিনোদনের জন্য বার্ষিক বনভোজনসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। আমাদের কারখানাগুলোতে যেসব অস্থায়ী শ্রমিক কাজ করেন, তারা কিন্তু আগে ঈদ বোনাস পেত না। আমি তাদের জন্য ঈদ অ্যালাউন্সের ব্যবস্থা করে দিয়েছি, যা দিয়ে তারা নিজেদের পরিবারের জন্য কেনাকাটা করতে পারছেন বলেন এহ্সানুল কবির।