ভোক্তাদের নিত্যদিনের বাজারে চাহিদার শীর্ষে থাকা ব্রয়লার মুরগির দাম নিয়ে রোজা শুরুর আগে থেকেই চলছে সমালোচনা। সব মহলের দাবির পরিপ্রেক্ষিতে রোজা শুরুর আগের দিন ভোক্তা অধিদপ্তরের সঙ্গে এক বৈঠকে নামমাত্র দাম কমান শীর্ষ ব্যবসায়ীরা। তবে বাজারে ব্রয়লার মুরগির দাম নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বাজারগুলোতে ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। বাজারে ভোক্তার কর্মকর্তাদের অভিযানের সময় ১৯০ টাকা করে ব্রয়লার মুরগির কেজি বিক্রি করতে দেখা যায়। কিন্তু ভোক্তার কর্তাদের বাজার থেকে বেরিয়ে যাওয়া নিশ্চিত হলে পাল্টে যায় বাজারের চিত্র। এ যেন কর্মকর্তাদের পাহারায় মুরগি ব্যবসায়ীদের লুকোচুরি খেলা। কর্মকর্তারা বেরিয়ে গেলে সেই একই মুরগি ২০০-২১০ টাকা বিক্রি করেন ব্যবসায়ীরা।
গতকাল মঙ্গলবার সকালের দিকে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সে সময় ব্যবসায়ীদের সতর্ক করে মুরগির দাম সর্বোচ্চ ১৯০ টাকায় বিক্রির নির্দেশ দেয় সংস্থাটির কর্মকর্তারা।
অভিযানের পর বেশি দামে বিক্রি বিষয়ে কারওয়ান বাজারের মুরগি ব্যবসায়ীরা জানান, ভোক্তার কর্তাদের নির্দেশ অনুযায়ী মুরগি বিক্রি করলে ব্যবসা গুটিয়ে ঘরবন্দি হয়ে থাকতে হবে। বর্তমানে বেশি দামে মুরগি কিনে আনতে হয়। ক্রয় অনুযায়ী প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকায় দরে বিক্রি করে তাদের কোনো মুনাফা হয় না।
কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা আহসান দেশ রূপান্তরকে বলেন, ‘ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা আমাদের মতো ছোট ব্যবসায়ীদের দোকানে দোকানে অভিযান পরিচালনা করেন। মূল্য নির্ধারণ করে যান। যদি ২০০-২১০ টাকা বিক্রি না করি তাহলে পরিবার চলবে কী দিয়ে?’
কারওয়ান বাজারে আসা মুসায়ীব নামে এক ক্রেতা দেশ রূপান্তরকে বলেন, ‘বাজারে সব পণ্যের দাম হু হু করে বাড়ে। এসব দেখার কেউ নেই। তবে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকির কারণে ব্রয়লার মুরগির দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ভোক্তার অভিযানের সময় মুরগি ১৯০ বিক্রি হয়েছিল। তাদের বাজার ত্যাগের পরপর আগের মতোই বেশি দামে মুরগি বিক্রি হচ্ছে।’
এ প্রসঙ্গে জানতে চাইলে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বাজার তদারকিমূলক অভিযান আমরা সবসময় করে থাকি। তবে নির্ধারিত মূল্যের বাইরে কোনো ব্যবসায়ী বেশি দামে কোনো পণ্য বিক্রি করলে তা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’