আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৯ এপ্রিল থেকে জনসাধারণের মধ্যে নতুন নোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক। এই কর্মসূচি চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বন্ধ থাকবে নতুন টাকা দেওয়ার কাজ। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০টি শাখা এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা (কয়েন) গ্রহণ করতে পারবেন।
যে ব্যাংকের যেসব শাখায় নতুন নোট পাওয়া যাবে : এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, ঢাকা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বাবু বাজার শাখা, ঢাকা। পূবালী ব্যাংক, সদরঘাট শাখা, ঢাকা। জনতা ব্যাংক, আবদুল গণি রোড করপোরেট শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক, জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, ঢাকা। রূপালী ব্যাংক, স্থানীয় কার্যালয়, ঢাকা। এক্সিম ব্যাংক, মতিঝিল শাখা, ঢাকা। সোনালী ব্যাংক, রমনা করপোরেট শাখা, ঢাকা। ওয়ান ব্যাংক, বাসাবো শাখা, ঢাকা। আল-আরাফাহ ইসলামী ব্যাংক, নন্দীপাড়া শাখা, ঢাকা। এনসিসি ব্যাংক, মালিবাগ শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক, রামপুরা টিভি শাখা, ঢাকা। এবি ব্যাংক, প্রগতি সরণি শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক, বসুন্ধরা শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক, বনানী শাখা, ঢাকা। ব্যাংক এশিয়া, বনানী-১১ শাখা, ঢাকা। আইএফআইসি ব্যাংক, গুলশান শাখা, ঢাকা। ন্যাশনাল ব্যাংক, মহাখালী শাখা, ঢাকা। সাউথইস্ট ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা। প্রাইম ব্যাংক, এলিফেন্ট রোড শাখা, ঢাকা। ডাচ্-বাংলা ব্যাংক, নিউ মার্কেট শাখা, ঢাকা। এর বাইরে বিভিন্ন ব্যাংকের ১৮ টি শাখায় নতুন টাকা পাওয়া যাবে।