৩৮০ শব্দের জন্য কিয়ানুর পারিশ্রমিক ১৬০ কোটি

কিয়ানু রিভসের প্রায় ডুবতে বসা ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছে গেছে ‘জন উইক’ সিনেমা সিরিজের কল্যাণে। মুক্তি পাওয়া সিনেমাটির চারটি কিস্তি যে ব্যাপক ব্যবসা সফল হয়েছে, তাই নয়, ছবিটি হলিউডের অ্যাকশন সিনেমার ইতিহাসও যেন বদলে দিয়েছে। ২৪ মার্চ মুক্তির পর ‘জন উইক ৪’ সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তবে ভক্ত-দর্শকের মধ্যে কৌতূহল জাগিয়েছে নতুন একটি খবর, ‘জন উইক ৪’-এ মাত্র ৩৮০ শব্দ বলেছেন কিয়ানু রিভস। ছবিটির জন্য ১ কোটি ৫০ লাখ ডলার পারিশ্রমিক পেয়েছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০ কোটি টাকা। মুক্তি পাওয়া চার সিনেমার কোনোটিতেই অবশ্য জন উইকের খুব বেশি সংলাপ থাকে না। কথার চেয়ে অ্যাকশনই বেশি পছন্দ এই গুপ্তঘাতকের। তবে এবারের কিস্তিতে তার সংলাপ ছিল মোটে ১০৩ লাইন, মেরেকেটে ৩৮০ শব্দ। মাত্র ৩৮০ শব্দ বলার জন্য তিনি ১৬০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। ‘জন উইক’ সিনেমা সিরিজ বিশ্লেষণ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের ভাষ্য অনুযায়ী, ছবিটির প্রথম কিস্তির প্রথম ১০১ মিনিট পর্যন্ত মাত্র ৪৮৪টি শব্দ বলেছিলেন রিভস। চতুর্থ কিস্তিতে সেটা আরও কমে এসেছে। মুক্তির পর এবারও যথারীতি বক্স অফিসে ঝড় তুলেছে ‘জন উইক ৪’। ১০০ মিলিয়ন ডলারের ছবিটি মুক্তির প্রথম উইকেন্ডেই ৭৩ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে। এটি কেবল যুক্তরাষ্ট্রের বক্স অফিসের রেকর্ড।