‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র ওয়ার্ল্ড প্রিমিয়ার

ঈদের আনন্দ বাড়িয়ে দিতে প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আই আট দিনব্যাপী সাজিয়েছে বিনোদনমূলক অনুষ্ঠানমালা। অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার! এরমধ্যে আছে গেল বছরে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। মুহাম্মদ কাইউম পরিচালিত প্রশংসিত এই ছবিটি দর্শক দেখতে পারবেন ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে। গেল বছর নানা বিপত্তি মাড়িয়ে বাংলাদেশে মুক্তি পায় ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ডিসেম্বরে ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘সেরা ছবির পুরস্কার জিতে আলোচনায় আসে ছবিটি। সেই সঙ্গে সমালোচকদের প্রশংসাও কুড়ায়। পরবর্তী সময়ে দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র সংগঠনের উদ্যোগে হয়েছে বেশকিছু প্রদর্শনীও। হাওর অঞ্চলের একদল মানুষের সহজ-সরল ও একইসঙ্গে কঠিন সংগ্রামের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। ছবির সিনেমাটোগ্রাফি মুগ্ধ করেছে দর্শক-সমালোচকদের। ছবিতে জয়িতা মহলানবিশ ও উজ্জ্বল কবির হিমু প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও অভিনয় করেছেন সামিয়া আক্তার বৃষ্টি, সুমি ইসলাম, বাদল শহীদ, মাহমুদ আলম, আবুল কালাম আজাদ প্রমুখ। ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র স্বত্ব কিনে নিয়েছে চ্যানেল আই। ধারণা করা হচ্ছে ঈদে টেলিভিশনে প্রিমিয়ারের পর চ্যানেল আইয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও ছবিটি দর্শক দেখতে পারবেন।