কাপড়ের মান, দাম, বিক্রয়পরবর্তী সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম হলে মার্কেট কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। গতকাল বৃহস্পতিবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের তৈরি পোশাক ব্যবসায়ীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
সফিকুজ্জামান বলেন, বিদেশি পোশাক ও প্রসাধনীর গায়ে আমদানিকারকের নাম ও সিল থাকতে হবে। সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) আমদানিকারকের হতে হবে, বিক্রেতারা সেটা নির্ধারণ করতে পারবে না। নকল পণ্যের বিষয়েও সতর্ক থাকবেন। সুনির্দিষ্ট তথ্য পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলো থেকে কিছু বিক্রয়কারী আমাদের দেশে এসে বাসা ভাড়া নিয়ে ভেতরে ভেতরে টার্গেট কাস্টমারের কাছে বিদেশি কাপড় বিক্রয় করছে। এ ধরনের কার্যক্রম দেশীয় ফ্যাশন হাউজগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। এক্ষেত্রে তথ্যগুলো আমাদের কাছে দেওয়া হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
সভায় অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আড়ং, আর্টিসান, অঞ্জনস, টপ টেন, লুবনান, নাগরদোলা, রঙ বাংলাদেশসহ বিভিন্ন ব্র্যান্ডের স্বত্বাধিকারীরা এ সময় উপস্থিত ছিলেন।