নেত্রকোনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতির ছেলে পরোয়ান অপুকে (৩৩) রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে একই সংগঠনের সাধারণ সম্পাদকের ছেলে আকাশের (২৭) বিরুদ্ধে। ঠেকাতে গিয়ে অপুর ভাই আ. মোমেনও (৩৫) আহত হয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত আকাশ প্রায় ছয় বছর আগে নেত্রকোনা সরকারি কলেজের ছাত্র চাঞ্চল্যকর ইফতি হত্যা মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি ছিলেন।
গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনা পৌর শহরে বারহাট্টা রোডের মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপুর মাথায় কোপের গভীরতার কারণে তার অবস্থা আশঙ্কাজনক।
আহত অপু ওই সংগঠনের সভাপতি আবদুল কদ্দুসের ছেলে এবং পৌর শহরের বাহিরচাপড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত আকাশ (২৭) একই সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের ছেলে এবং পৌর শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে আহতদের বড় ভাই সোহেল রানা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করলে ওই রাতেই শ্রমিক ইউনিয়নের অফিসে অবরুদ্ধ অবস্থায় আকাশ, সাইমন, রাসেল, রাহুল ও নয়ন নামের পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আটক পাঁচজনকে শনিবার দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে।