আন্তর্জাতিক আইকনিক অ্যাওয়ার্ড-২০২১’প্রাপ্ত ফ্যাশন ডিজাইনার চমন চৌধুরী। বাংলাদেশের সোনালি আঁশ- পাট দিয়ে পোশাক তৈরিতে তিনি অসামান্য অবদান রেখে চলেছেন। তবে এবার তার ঈদ কালেকশন দেখতে মুগ্ধ হবেন যে কোন ফ্যাশনপ্রেমী। তিনি পাটকে এমন একটি জায়গায়ে নিয়ে এসেছেন, তার এবারের পোশাকগুলো দেখে বোঝাই যাবে না সেটি পাটের তৈরী।
গত ৩১ মার্চ ও আজ ১ এপ্রিল- দুদিন হয়ে গেল এই ডিজাইনারের ঈদ কালেকশনের প্রদর্শনী। গুলশান ২-এর বে এজওয়াতে ছিল এই প্রদর্শনী। যা দেখতে হাজির হন অনেক ফ্যাশনপ্রেমী। পাটের অনবদ্য সব পোশাক তারা সংগ্রহ করেছেন।
প্রদর্শনী ঘুরে বোঝা গেল ডিজাইনার তার এবারের কালেকশনে গরমকে মাথায় রেখে পোশাকের নকশা করেছেন। জামদানি, মসলিন, সিল্ক, খাদি, কটন শাড়িতে পাটের নানা কাজ যেন নতুনত্ব দিয়েছে।
এ ছাড়া তিনি বেশ কিছু ওয়েস্টার্ন পোশাক নকশা করেছেন। তার মধ্যে রয়েছে টপস, পালাজ্জো, নানা ধরনের কেপ, ওড়নার বিকল্প, কোটি, ব্লাউজ, কামিজসহ নানা কিছু।
উৎসবের জন্য উজ্জ্বল রং আর গরমের জন্য হালকা রং- দু ধরনের পোশাকই পাওয়া যাবে। ছেলেদের পাঞ্জাবির সঙ্গে জামদানি ও সিল্কের সঙ্গে পাটের মিশেলে কোটি তৈরি করেছেন।
চমন চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘পাট নিয়ে আরো নতুন ধরনের কাজ করতে চাই। যাতে দেশের ঐতিহ্য টিকিয়ে রাখতে আরো বেশি ভূমিকা রাখতে পারি। পোশাকে পাটের ব্যবহারে কত বৈচিত্র্য দেওয়া যায় সেই চেষ্টাই করেছি। এবার জুটকে ডাই করে অন্য রঙে রূপান্তর করে পোশাক ডিজাইন করেছি। শুরুতে তো একেবারে পাটের বস্তা দিয়ে কাজ করতাম। এখন সেই পাটকেই একেবারে আরামদায়ক ফেব্রিকের মতো করে ব্যবহারের দিকে নিয়ে যেতে পারছি, এটাই ভালোলাগার।
তিনি আরো বলেন, এ জন্য আমাকে প্রচুর গবেষণা ও পরিশ্রম করতে হচ্ছে। তবে দুদিনের প্রদর্শনীতে সবার আগ্রহ দেখে পরিশ্রম সার্থক হয়েছে।