‘নোংরা রাজনীতির শিকার হয়ে বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন’, দিনকয়েক আগে এক পডকাস্টে প্রিয়াঙ্কা চোপড়ার বিস্ফোরক দাবির পর উত্তাল বলিউড। অনেকের ধারণা করণ জোহরের চাপেই হিন্দি সিনেমার দুনিয়া ছাড়তে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার সাক্ষাৎকারটি নিয়ে প্রবল আলোচনা-সমালোচনার মধ্যেই ভারতে হাজির অভিনেত্রী। শুধু তা-ই নয়, এক অনুষ্ঠানে করণ জোহরের সঙ্গে দেখা হতেই জড়িয়ে ধরেছেন তাকে। গত শুক্রবার রাতে মুম্বাইয়ে ছিল নিতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান। সেখানেই পুরো বলিউডকে যেন তুলে এনেছিলেন ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী। সঙ্গে ছিলেন হলিউডের বিখ্যাত তারকা জিজি হাদিদ, পেনেলোপে ক্রুজ, জেন্ডায়া, টম হল্যান্ড প্রমুখ।
বাদ যাননি ভারতের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াও। স্বামী নিক জোনাসকে নিয়ে হাজির হয়েছিলেন দামি পোশাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, দেখা হওয়া মাত্রই করণকে জড়িয়ে ধরেন প্রিয়াঙ্কা। স্বামী নিক জোনাসও আলিঙ্গন করেন করণকে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার দ্বন্দ্বের খবর থাকলেও পার্টিতে তার সঙ্গেই যেন ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে প্রিয়াঙ্কা-করণের আলিঙ্গন দেখে মন্তব্য করেছেন অনেক ভক্ত-অনুসারী।
একজন লিখেছেন, প্রিয়াঙ্কার কথা শুনে মন খারাপ হয়েছিল। ভালো লাগল, তিনি রাগ পুষে না রেখে বলিউড সহকর্মীদের সঙ্গে পার্টিতে হাজির হয়েছেন। তবে নিন্দুকরা লিখেছেন, ‘প্রিয়াঙ্কার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে ওটা লোকদেখানো হাসি।’ এই পার্টিতে আরও উপস্থিত ছিলেন সালমান খান, শাহরুখ খান ও স্ত্রী গৌরী খান, পুত্র ও কন্যা আরিয়ান-সুহানা, হৃতিক রোশন, রণবীর সিং, কন্যা আরাধ্যকে নিয়ে ঐশ্বরিয়া রাই, আমির খান, ফারহান আখতার, কারিনা কাপুর-সাইফ আলি খান দম্পতি, অজয় দেবগন-কাজল দম্পতি, কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রা দম্পতি, শাহেদ কাপুর-মিরা রাজপুত দম্পতি, হেমা মালিনি, রেখা, আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, কারিশমা কাপুর, সোনম কাপুর, শ্রদ্ধা কাপুর, নিতু কাপুর, ভিকি কৌশল, কৃতি শ্যানন, মালাইকা আরোরা, অর্জুন কাপুর, রাজকুমার রাও-পত্রলেখা, বারুণ ধাওয়ান-নাতাশা দালাল, আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকার, দিশা পাটানি, আদিত্য রয় কাপুর, অনন্যা পান্ডে, মৌনি রায়, অদিতি রায় হায়দারি, সারা আলি খান, জাহ্নবী, রাকুলপ্রীত সিং, তামান্না ভাটিয়া, রাশমিকা মান্দানা প্রমুখ।