ইন্ডিয়ান আইডল-১৩ চ্যাম্পিয়ন ঋষি সিং

ইন্ডিয়ান আইডল ১৩-র ট্রফি জিতে নিয়েছেন ভারতের অযোধ্যার ঋষি সিং। চলতি সিজনের শুরু থেকেই জনতা জনার্দনের পছন্দের প্রতিযোগী থেকেছেন ঋষি সিং। তার ভক্ত স্বয়ং বিরাট কোহলি। ইনস্টাগ্রামে ঋষিকে ফলো করেন প্রাক্তন ভারত অধিনায়ক।

অবশেষে সাত মাসের সফর শেষে ইন্ডিয়ান আইডল ১৩-র বিজয়ী ঘোষিত হলেন ঋষি সিং। রবিবার রাতে ইন্ডিয়ান আইডলের ড্রিম ফিনালে শেষে সোনালি ট্রফি জিতে নিলেন ঋষি। দ্বিতীয় স্থানে শেষ করলেন বাংলার মেয়ে দেবস্মিতা রায়। ইন্ডিয়ান আইডলের সেরা তিনে ঋষি-দেবস্মিতা ছাড়া জায়গা করে নিয়েছিলেন চিরাগ কোতওয়াল। বিজয়ীর ট্রফি জেতার পাশাপাশি এদিন একটি বিলাসবহুল গাড়ি এবং ২৫ লাখ রুপির পুরস্কারমূল্য জেতেন ঋষি। দ্বিতীয় স্থান অধিকারী দেবস্মিতা পেয়েছেন ১৫ লাখ রুপির পুরস্কারমূল্য।

ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালেতে এই তিনজন ছাড়াও জায়গা করে নিয়েছিলেন বিদিপ্তা চক্রবর্তী, সোনাক্ষী কর এবং শিবম সিং। এইবার ইন্ডিয়ান আইডলের বিচারকের আসনে ছিলেন হিমেশ রেশমিয়া, বিশাল দাদলানি এবং নেহা কক্কর, শো সঞ্চালনার দায়িত্ব ছিল আদিত্য নারায়ণের কাঁধে।

ইন্ডিয়ান আইডল নিয়ে ঋষি জানিয়েছেন, ‘আমাকে এর আগে কেউ চিনত না, জানত না। আমার পরিচয় খুঁজে দিয়েছে এই শো, এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত- এই মিউজিক্যাল জার্নিটা আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। এর জন্য আমি কৃতজ্ঞ। আগামীতে আমি আরও বেশি পরিশ্রম করব, এই জার্নিতে যারা আমাকে সমর্থন করেছেন সবাইকে ধন্যবাদ।’

২০২২ সালের ১০ সেপ্টেম্বর শুরু হয়েছিল ইন্ডিয়ান আইডলের সম্প্রচার। দেখতে দেখতে সাত মাসের লম্বা সফর পার করে শেষ হলো এই রিয়ালিটি শো। দু-দিন ধরে চলা ফিনালে পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন পরিচালক জুটি আব্বাস-মাস্তান, সংগীত পরিচালক সেলিম মার্চেন্ট, পরিচালক-সংগীতশিল্পী বিশাল ভরদ্বাজ ও তার স্ত্রী রেখা ভরদ্বাজ।